অনন্যা সরকার, কলকাতা: দুর্গাপুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) যোগ দিতে পারে নতুন এসি লোকাল (AC Local Train)! হ্যাঁ এমনটাই কানাঘুষো শোনা যাচ্ছে। আর এই নিয়ে ইতিমধ্যেই শিয়ালদহ লাইনের নিত্যযাত্রীদের মধ্যে শুরু হয়ে জল্পনা-কল্পনা। রেল যদিও এবিষয়ে মুখ খোলেনি এখনও, তবে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনার কথায় স্পষ্ট ইঙ্গিত মিলেছে। গত বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে ডিআরএম জানান, ইতিমধ্যেই এসি রেকের চাহিদার কথা জানিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (GM) রেল বোর্ডকে চিঠি পাঠিয়েছেন।
নতুন এসি ট্রেনের আশায় শিয়ালদহের নিত্যযাত্রীরা
শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) রাজীব সাক্সেনা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে, হাওড়া ও শিয়ালদহ – দুই ডিভিশনেই এসি রেক যুক্ত করার জন্য রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এরসাথেই তিনি স্মরণ করিয়ে দেন, অনেকেই শুরুতে ভেবেছিলেন শিয়ালদহের মতো স্টেশনে এসি লোকাল চালানো সহজ হবে না, কিন্তু তাঁরা সেটা সফলভাবে করে দেখিয়েছেন। এসি লোকালের জন্য যাত্রীদের চাহিদা দিন দিন বাড়ছে।
আরও পড়ুন: বাড়ছে ৪০টি ট্রেন, দিল্লি-হাওড়া রুটে ৯৭৬ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দিল রেল
প্রসঙ্গত, গত ১ জুলাই শিয়ালদহ-বারাসত রুটে এসি লোকাল চালু হয়। তবে শোনা যাচ্ছে, সকাল ১০:৩৩ মিনিটের শিয়ালদহ – বারাসত এবং সকাল ১১:২৯ মিনিটের বারাসত – শিয়ালদহ রুটের এসি ট্রেনে কাঙ্ক্ষিত পরিমাণে যাত্রী হচ্ছেনা। এই প্রসঙ্গে কিছু নিত্যযাত্রীরা বলছেন, নতুন লোকালটির যাত্রাপথ বারাসতে শেষ না হয় যদি হাবরা বা গোবরডাঙা পর্যন্ত হত, তবে যাত্রীদের সংখ্যা আরও বাড়তে পারতো।
এই যাত্রী প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, বারাসত থেকে বনগাঁর লাইনের মধ্যে অটো-সিগন্যালিং ব্যবস্থা এখনও চালু হয়নি, ফলে ওই লাইনে এসি ট্রেন চালানোর ক্ষেত্রে এখনও কিছু কারিগরি সীমাবদ্ধতা রয়েছে। এছাড়া, নতুন ট্রেন চালু করার আগে নির্দিষ্ট সময়ে প্ল্যাটফর্ম ফাঁকা রয়েছে কিনা দেখতে হয়, আবার অন্য কোনও নিয়মিত ট্রেনও দুম করে বাতিল করা যায় না। তাই সমস্ত বিষয়টি এখন রেলের বিবেচনাধীন রয়েছে।
আরও পড়ুন: ফের তৈরী ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া
যদিও তিনি এই আশ্বাস দিয়েছেন যে, আগামী দুই মাসের মধ্যে সম্পূর্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর ভেবেচিন্তে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সব কিছু ঠিকঠাক থাকলে এসি লোকালের যাত্রাপথ বারাসত থেকে সম্প্রসারণ করে বনগাঁ পর্যন্ত করা হতে পারে। তাই পুজোর আগে শিয়ালদহ থেকে নতুন এসি ট্রেন চালু হচ্ছে কিনা, আর চালু হলেই বা তা কোন রুটে চলাচল করবে, সেসব নিয়ে এখন নিত্যযাত্রীদের মনে কৌতূহলের অন্ত নেই।










