সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের সুবিধার্থে বড় সিদ্ধান্ত নেওয়া হল। আর তাড়াহুড়োর সময়ে টিকিট (Train Ticket) কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে না, কারণ এবার খুব সহজেই মিলবে ট্রেনের টিকিট। বলতে গেলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার গন্তব্যের টিকিট পেয়ে যাবেন। একটি বিশেষ সুবিধা চালু করা হল পূর্ব রেলের তরফে। তারকেশ্বর রেলওয়ে স্টেশনে (Tarakeswar Railway Station) হাতে ডিভাইস ও প্রিন্টার নিয়ে যাত্রীদের টিকিট কাটতে দেখা গেল এক ব্যক্তিকে।
তারকেশ্বর স্টেশনে শুরু হল নতুন সুবিধা
ওই টিকিট পরীক্ষক যাত্রীদের যাত্রার সম্পূর্ণ বিবরণ শুনে তাঁদের টিকিট কেটে দিচ্ছেন মেশিনের সাহায্যে। আর এই কাজ করতে মাত্র কয়েক সেকেন্ড লাগছে ওই টিকিট পরীক্ষকের। এই ব্যবস্থার ফলে আর কাউন্টারে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজনীয়তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। তবে এখানে ট্যুইস্ট রয়েছে। শুধুমাত্র ট্রেনের টিকিট কাটলেই হবে না, লোকাল ট্রেনে ওঠার ক্ষেত্রে যে একাধিক নিয়ম রয়েছে সে সম্পর্কেও সকলকে ওয়াকিবহাল করছেন ওই টিকিট পরীক্ষক।
মেনে চলতে হবে কিছু নিয়ম
কোন কামরা কার জন্য নির্দিষ্ট, ট্রেনের কামরায় কতটা মাল নিয়ে ওঠা যায়, সাধারণ যাত্রীরা ভেন্ডারে উঠতে পারেন কি না, টিকিট কাটার পর কত সময়ের মধ্যে সেই টিকিট ব্যবহার করা যায় সেটা নিয়েও বার্তা দেওয়া হয়েছে সকলকে। ওই সিনিয়র টিকিট পরীক্ষক জানান, ‘যে কেউ টিকিট কাটতে পারবেন। তবে তাড়াহুড়ো করে কেউ টিকিট কাটতে ভুলে গেল, ট্রেনে উঠে পড়ল, ধরা পড়লে কিন্ত টিটিই তাঁকে ফাইন করবেন। ট্রেনে ওঠার আগে টিকিট কাটতেই হবে।’
আরও পড়ুনঃ জমিকে বাস্তুতে রূপান্তর করার দুর্দান্ত সুযোগ, স্বীকৃতি দেবে নবান্ন, কীভাবে?
কতটা লাগেজ বহন করতে পারবেন যাত্রীরা?
লোকাল ট্রেনে করে কতটা লাগেজ বহন করতে পারবেন যাত্রীরা? এই বিষয়ে ওই রেল কর্মী জানান, ‘সর্বোচ্চ ৩৫ কেজি লাগেজ নিয়ে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। ওজন তার বেশি হলে টিটিইকে দেখিয়ে লাগেজ টিকিট করাতে হবে। এছাড়া লোকাল ট্রেনের টিকিট কাটার ১ ঘণ্টার মধ্যে যাত্রা শুরু করতে হবে।’ যাই হোক, রেল স্টেশনে নতুন মেশিনের মাধ্যমে এই টিকিট কাটার ব্যবস্থার ফলে যাত্রীরা উপকৃত হচ্ছেন বলে জানা গিয়েছে।










