সিটং-এ বারবিকিউ করতে গিয়ে দগ্ধ সদ্য বিবাহিতা তরুণী, কী ঢালা হয়েছিল আগুনে?

Published:

Sittong Accident

অনন্যা সরকার, দার্জিলিং: সম্প্রতি মধুচন্দ্রিমায় গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় আক্রান্ত হন এক নববিবাহিত দম্পতি (Sittong Accident)। দার্জিলিং জেলার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সিটং-এ ঘুরতে গিয়েছিলেন ওই দম্পতি। সেখানকার একটি হোমস্টেতে বারবিকিউ (Barbecue) করতে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন স্বামী স্ত্রী উভয়েই। এখন এই দুর্ঘটনা সর্ম্পকে নতুন তথ্য সামনে এসেছে। 

দুর্ঘটনা নিয়ে হোমস্টে মালিকের চাঞ্চল্যকর দাবি

এই দুর্ঘটনাটির পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন হোমস্টের মালিক। তিনি দাবি করেছেন যে, আহত দম্পতি নিজেরাই বারবিকিউর আয়োজন করতে অনুরোধ করেছিলেন। মালিক বলেন, অনুরোধ পাওয়ার প্রায় ১৫ মিনিটের মধ্যেই কর্মীরা সমস্ত প্রস্তুতি শেষ করে দম্পতিকে ডেকে পাঠান। সেসময়ই তারা রাতের খাবারের অর্ডারও দেন। হোটেলের এক কর্মী অর্ডারটি জানাতে রান্নাঘরে যান। হোমস্টের মালিক দাবি করেন যে, বারবিকিউ শুরু হওয়ার আগে ওই নববিবাহিতা তরুণীকে আগুন থেকে নিরাপদ দূরত্বে বসার জন্য একাধিকবার অনুরোধ করা হয়।

পরে দম্পতিটি হোটেলের আরেক কর্মচারীকে আগুন আরও বাড়াতে বলেন। কর্মচারীটি তাঁদের সতর্ক করে জানান, কয়লার আগুনের তীব্রতা হঠাৎ করে বাড়ানো সম্ভব নয়। এমনটা করতে হলে কেরোসিনের মতো দাহ্য পদার্থ ব্যবহার করতে হবে। অভিযোগ উঠেছে যে, দম্পতির অনুরোধেই কেরোসিন ঢালা হয়। কেরোসিন ঢালার সাথে সাথেই আগুন প্রচণ্ডভাবে জ্বলে ওঠে। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুনের শিখা। 

আরও পড়ুন: ভয়ঙ্কর বিমান অভিজ্ঞতা থেকে গবেষণায় সাফল্য, ১৮ বছরের আদিত্য পেল ৯৫ লক্ষের স্কলারশিপ

যখন অনিয়ন্ত্রিত হয়ে আগুন হঠাৎই দাউ দাউ করে জ্বলে ওঠে, তখন ওই যুবতীটি গুরুতরভাবে দগ্ধ হন। হোমস্টে-র মালিক আরও দাবি করেন যে, তাকে বারবার চুল বেঁধে রাখতে এবং সুতির পোশাক পরতে বলা হয়েছিল। কিন্তু, পলিয়েস্টারের পোশাক পরার কারণে আগুন খুব তাড়াতাড়ি তার সারা শরীরে ছড়িয়ে পড়ে। তবে এই সবটাই হোমস্টে-র মালিকের দাবি। পুলিশ বর্তমানে ঘটনার প্রকৃত কারণ সন্ধানের জন্য তদন্ত চালাচ্ছে।

উল্লেখ্য, ওই আহত দম্পতি উত্তর দিনাজপুরের চোপড়া বাজার এলাকার বাসিন্দা। নববিবাহিতা বধূ নিকিতা সাহা (দাস) গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনায় তার স্বামী সমীর দাসও আহত হন। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতে সিটংয়ের ওই হোমস্টে-তে দম্পতিটি বারবিকিউ করার সময় দুর্ঘটনাবশত আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই নিকিতা সাহা গুরুতরভাবে দগ্ধ হন।

আরও পড়ুন: আশ্বিন মাসেও বৃষ্টির দাপট, দক্ষিণবঙ্গের ৭ জেলায় সতর্কতা, আগামীকালের আবহাওয়া

এই ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি জানতে পেরে স্থানীয় পুলিশ প্রশাসন পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে। পাহাড়ি এলাকায় ক্যাম্পিং বা বারবিকিউ করার সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। শুষ্ক আবহাওয়া ও দমকা হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, তাই সতর্ক থাকা বিশেষ প্রয়োজন।