প্রীতি পোদ্দার, কলকাতা: শুধু নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়, এবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বেহালা পশ্চিমের প্রাক্তন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে উঠল তোলাবাজি, শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগ। চাঞ্চল্যকর পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। তবে তিনি শুধু একা নন, এই ঘটনায় নাম জুড়ল ঠাকুরপুকুরের (Thakurpukur) প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ ও তাঁর সহযোগী তিলক ভট্টাচার্যদের বিরুদ্ধেও। বিজেপি ক্ষমতায় আসতেই তৃণমূলের এক নেতার বিরুদ্ধে ফের এই ভয়ংকর অভিযোগ উঠে আসায় চরম শোরগোল শুরু হয়েছে।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি ও খুনের হুমকির অভিযোগ তুলেছেন ঠাকুরপুকুর রোডের বাসিন্দা এক মহিলা। তিনি জানিয়েছেন, তাঁর শ্বশুর বিজেপি নেতা ছিলেন। ২০২০ সালের ২৩ জানুয়ারি ঠাকুরপুকুরের বাছারপাড়ায় গোলমালের সময় এক যুবক আহত হয়েছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের সুদীপ, ঘনশ্রী ও তিলকরা দাবি করেছিলেন যে আহত যুবক তাঁদের দলীয় সদস্য এবং ওই ঘটনায় মহিলার শ্বশুর জড়িত। এদিকে ঘটনাস্থলে বিজেপি নেতা উপস্থিত না থাকা সত্ত্বেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ওই বিজেপি নেতাকে প্রথমে পুলিশ হেফাজত ও তার পর তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়।
তোলাবাজি, শ্লীলতাহানি ও খুনের অভিযোগ
৬ বছর আগের এই ঘটনায় ওই বিজেপি নেতার ছেলে ও অভিযোগকারিণী পুত্রবধূ প্রতিবাদ করলে প্রাক্তন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ও ১২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তাঁদের ডেকে চুপ করে থাকার জন্য হুমকি দিয়েছিল। শুধু তাই নয় বাবাকে ছাড়িয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছেলের কাছ থেকে প্রাক্তন কাউন্সিলর ২৫ লাখ টাকা তোলা আদায় করেন বলে অভিযোগ। এমনকি এরপর থেকে প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী ও তাঁর সহযোগী তিলক এক কোটি টাকা তোলা চাইছিল। কিন্তু ওই টাকা না পেয়ে অভিযুক্তরা তাঁদের খুনের হুমকি দিতে থাকে। এদিকে জেলের মধ্যেই শ্বশুরের মৃত্যু হয়।
আরও পড়ুন: দশম ও দ্বাদশ শ্রেণিতে ফেল, প্রথমবারেই UPSC ক্র্যাক করে IAS হন অঞ্জু
তদন্ত শুরু পুলিশের
পার্থ, ঘনশ্রীদের জন্য তাঁদের পারিবারিক ব্যবসা ৬ মাসের জন্য বন্ধ হয়ে যায়। এতে তাঁদের প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয় বলে অভিযোগ। এমনকি অভিযোগকারী পুত্রবধূকে শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তৃণমূলের জমানায় কিছুই করা যায়নি। শেষে ১৫ বছর পর বিজেপি আসতেই এতদিন পর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করল। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। এছাড়াও তদন্তের প্রয়োজনে প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ, তিলক ভট্টাচার্যদের তলব করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।










