আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) ভিড় সামলাতে শিয়ালদহ স্টেশন (Sealdah Station) চত্বরে পার্কিং (Parking) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিভিশন। পুজোর ব্যস্ত দিনগুলিতে স্টেশনে যাত্রীদের চাপ বাড়ার আশঙ্কায় আগের থেকেই এই ব্যবস্থাপনা গ্রহণ হচ্ছে। রেলের পরিকল্পনা অনুযায়ী, পার্কিংয়ের নির্দিষ্ট জায়গাটি যাত্রীদের ভিড় সামলানোর জন্য ব্যবহার করা হবে। ফলে পুজো দেখতে বা ট্রেন ধরতে শিয়ালদহে যাওয়ার পরিকল্পনা থাকলে গাড়ি নিয়ে স্টেশনে পৌঁছনোর আগে গাড়ি কোথায় পার্ক করবেন সেই বিষয়টি ভালো করে বিবেচনা করে নেবেন।
আর কী কী পদক্ষেপ নিয়েছে ইস্টার্ন রেলওয়ে?
শিয়ালদহ ডিভিশনের তরফে জানানো হয়েছে, পুজোর সময় যাত্রীদের ভিড় সামলাতে শুধু পার্কিং বন্ধ রাখাই নয়, ট্রেন চলাচল ও স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাতেও একাধিক পরিবর্তন আনা হচ্ছে। ২০২৫ সালে সপ্তমীর দিন শিয়ালদহ স্টেশনে যাত্রী ও দর্শনার্থীদের সংখ্যা প্রায় ২১ লক্ষে পৌঁছেছিল। এ বছরও বিপুল ভিড়ের সম্ভাবনা থাকায় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ।
স্টেশন এবং মানুষের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। শিয়ালদহ ডিভিশনে অতিরিক্ত ২৭০ জন প্রাক্তন সেনাকর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। তাঁদের আরপিএফ কর্মীদের সঙ্গে বিভিন্ন প্ল্যাটফর্ম, রেলগেট এবং গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করার কথা রয়েছে। পাশাপাশি, পুজোর মরশুমে বিভিন্ন স্টেশনের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ভিড়ের পরিস্থিতির উপর নজর রাখা হবে। ভিড় সামলানো না গেলে, প্রয়োজন অনুযায়ী যাত্রীদের ওয়েটিং রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থাও থাকবে।
ট্রেন পরিষেবাতেও থাকছে বাড়তি ব্যবস্থা। শিয়ালদহ ডিভিশনের পরিকল্পনা অনুযায়ী, পুজোর ব্যস্ত দিনগুলিতে সন্ধ্যায় ১৩টি অতিরিক্ত লোকাল ট্রেন এবং রাতে ৩৮টি বিশেষ ট্রেন চালানো হবে। পুজোর দিন দুপুর ২টোর পর থেকে গ্যালপিং লোকাল ট্রেনগুলিকেও বিভিন্ন স্টেশনে থামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে যাত্রীরা সহজে ওঠানামা করতে পারেন এবং ভিড় সামলানো সম্ভব হয়।
আরও পড়ুন: ‘এরা ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে না” ইলন মাস্ককে তুলোধোনা কামাল হাসানের
আরও একটি নতুন উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার জন্য স্টেশনে ঘোষণা, হেল্প ডেস্ক, চিকিৎসার ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ওয়ার রুম চালু রাখার পরিকল্পনা করেছে রেল। ভিড় নিয়ন্ত্রণে স্টেশনের প্রবেশ ও বেরোনোর পথগুলিতেও নজরদারি দ্বিগুণ করা হবে। তাই পুজোর সময় শিয়ালদহ স্টেশন থেকে যাতায়াত করলে ট্রেনের সময়সূচি সম্পর্কে আগে থেকে খোঁজ নেওয়া এবং হাতে কিছুটা অতিরিক্ত সময় নিয়ে বেরোনোই ভালো।










