আনিষা চৌধুরী, কলকাতা: প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) ‘এ’ ক্যাটেগরি বেতন সংক্রান্ত নির্দেশ সংশোধন করলো রাজ্য স্কুল শিক্ষা দফতর। ২১ সেপ্টেম্বর জারি হওয়া নতুন নির্দেশে ৪ সেপ্টেম্বর ২০২৪-এর সরকারি নির্দেশের নির্দিষ্ট অংশ বদল করা হয়েছে। নতুন নির্দেশে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘এ’ ক্যাটেগরি স্কেল নিয়ে তৈরি হওয়া জটিলতা দূর করার কথা বলা হয়েছে। এই পরিবর্তনের ফলে কিছু শিক্ষকের ক্ষেত্রে বেতন সংক্রান্ত সমস্যা দূর হতে পারে।
কোন শিক্ষকদের ক্ষেত্রে এটি প্রযোজ্য?
শুধুমাত্র নিয়োগের তারিখের ভিত্তিতে এই শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে নতুন করে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। দফতরের নতুন নির্দেশ অনুযায়ী, ১ জানুয়ারি ২০০৬-এর আগে বা ওই তারিখে অথবা তার পরে নিযুক্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক, যাঁদের এক বছরের ডিপ্লোমা পিপিটি কোর্স (Diploma PTT Course) রয়েছে এবং যাঁরা এক বছরের ব্রিজ কোর্স (Bridge Course) করেননি, কিন্তু ‘এ’ ক্যাটেগরির বেতন পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়টি আর নতুন করে খোলা যাবে না।

কেন এই সংশোধন?
আগের নির্দেশ জারি হওয়ার পরে দেখা গিয়েছে, ১ জানুয়ারি ২০০৬-এর আগে নিযুক্ত কিছু প্রাথমিক শিক্ষক ১ জানুয়ারির পর এক বছরের PTT কোর্স করেছেন। এবং এই কোর্স করে ‘এ’ ক্যাটেগরির বেতনও পেয়েছেন। তাঁদের ক্ষেত্রে অতিরিক্ত বেতন ফেরত নেওয়ার দাবি উঠেছিল। পাশাপাশি পেনশন ধার্য করার সময় নানা সমস্যা তৈরি হচ্ছিল। অথচ একই পরিস্থিতিতে থাকা ১ জানুয়ারি ২০০৬ বা তার পরে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু এমন কোনও সমস্যা দেখা যায়নি। এই পার্থক্যের বিষয়টি বিবেচনা করেই নির্দেশে পরিবর্তন আনা হয়েছে।
আরও পড়ুন: ১ টাকায় নতুন সিমের সাথে মিলবে ২৪GB ইন্টারনেট, সেরা অফার এই কোম্পানির
১ জানুয়ারি ২০০৬-এর আগে নিযুক্ত কিছু প্রাথমিক শিক্ষক হাই কোর্টের নির্দেশে বা DPSС/PSC, DI/S অথবা CSE-এর নির্দেশ অনুযায়ী ১ জানুয়ারি ২০০৬-এর পরে ‘এ’ ক্যাটেগরির বেতন পেয়েছেন। নতুন নির্দেশে বলা হয়েছে, হাই কোর্টের নির্দেশ মেনে পাওয়া সেই ‘এ’ ক্যাটেগরি বেতন নিয়েও আর নতুন করে কিছু করা সম্ভব নয়। ফলে ওই নির্দেশের আওতায় থাকা শিক্ষকদের বেতন সংক্রান্ত পুরনো বিষয় ফের খতিয়ে দেখার কোনও সুযোগ থাকছে না।










