প্রীতি পোদ্দার, কলকাতা: বিফলে গেল চিকিৎসকদের শেষ চেষ্টা। বুধবার সাতসকালে চিকিৎসাধীন অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল বিজেপির পূর্বস্থলী (Purbasthali) উত্তর বিধানসভা কেন্দ্রের ৩ নম্বর মণ্ডলের সভাপতি সুজিত হালদারের (Sujit Halder Dies)। জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। গোটা ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে বিজেপি নেতার পরিবার। এদিকে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।
ঠিক কী ঘটেছিল?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরে স্কুটি নিয়ে বেরোনোর সময় রাস্তার দুই দিক ভালো করে দেখে পারাপার করছিল। সেই সময় তখনই পিছন থেকে একটি ট্রাক্টর দ্রুত গতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। দুর্ঘটনায় গুরুতর জখম হন সুজিত হালদার। প্রথমে কালনায় চিকিৎসা চলছিল তাঁর কিন্তু পরে অবস্থা শোচনীয় হতে থাকায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই এতদিন চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হল না, আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাঁর। শোকের ছায়া নেমে এসেছে পূর্বস্থলী এলাকায়।
আরও পড়ুন: ‘গাড়ি থামাতেই চাইছিল না..’, র্যাপিডো চালককে নিয়ে ভয়ংকর অভিজ্ঞতা অভিনেত্রী সম্পিতার
শোরগোল শুরু হয়েছে দলীয় কর্মীদের মধ্যে
পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে, ইচ্ছে করে খুনের পরিকল্পনা করা হয়েছিল সুজিত হালদারকে। সন্দেহের তালিকায় রাখা হয়েছে, অতল চন্দ্রদাস, পিন্টু বরুই এবং পরিমল মিস্ত্রিকে। অভিযোগ জমি সংক্রান্ত নিয়ে মতবিরোধ থাকায় বদলা নিতে খুনের পরিকল্পনা করা হয়েছিল। এর আগে চলতি বছরের জুলাই মাসে দলীয় কোন্দলের জেরে তাঁর ওপর হামলা হয়েছিল। কিন্তু এবার তাঁকে আর বাঁচানো সম্ভব হল না। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে দলীয় কর্মীদের মধ্যে। যদিও এই বিষয়ে বিজেপির উচ্চ নেতৃত্বের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।










