ঝালমুড়ি নিয়ে শাড়ি পরে মমতার মিমিক্রি, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: ২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026) হাওয়া যে এবার বিজেপির (BJP) দখলে সেটা বুঝতে আর বাকি নেই। বাংলার মাটিতে ফিকে হয়ে যাচ্ছে সবুজের রং। কলকাতা থেকে জেলা ভোটের রেজাল্ট আউট হতেই বিজয় উল্লাসে বিজেপি। লাড্ডু বিলি করা থেকে শুরু করে মালা পড়ানো কোনোটাই বাদ যাচ্ছে না। আর এই গেরুয়া উৎসবের আবহে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সেজে হাতে ঝালমুড়ি নিয়ে মিমিক্রি করলেন এক ব্যক্তি। তুমুল ভাইরাল সেই ছবি।

ঝালমুড়ি বিতর্কে মোদী মমতা

কিছুদিন আগেই ঝাড়গ্রামে ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রচার শেষে তিনি স্থানীয় একটি মুড়ির দোকানে ঢুকে দশ টাকার ঝালমুড়ি কিনেছিলেন। এমনকি দোকানির সঙ্গে মোদীর কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরা‍লও হয়। আসলে বিজেপি বোঝাতে চেয়েছিল যে, প্রধানমন্ত্রী কতটা মাটির কাছাকাছি থাকা মানুষ। এমনকি তৃণমূল কংগ্রেসও গোটা ঝালমুড়ি পর্বকে নাটক বলে কটাক্ষ করেছিল এবং ঝালমুড়ির দোকানটা আসলে শুটিং সেট বলে প্রচার শুরু করেছিল। আর এবার সেই কটাক্ষকে পাল্টা হাতিয়ার করল এক বিজেপি কর্মী।

মমতার মিমিক্রি করলেন এক কমেডিয়ান

এইমুহুর্তে রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনায় সবুজকে ছাপিয়ে বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে উঠেছে গেরুয়া ঝড়। সংকটে পড়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। এমতাবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিহারের বাসিন্দা তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, কমেডিয়ান এবং মিমিক্রি আর্টিস্ট, রতন রঞ্জন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো শাড়ি পরে সেজেছেন এবং হাতে ঝালমুড়ি নিয়ে বিজেপি সদর দপ্তরের সামনে হাজির হলেন। সেই ছবি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কমেন্ট বক্সে উপচে পড়েছে একাধিক মন্তব্য।

ভাইরাল ভিডিও

মিমিক্রি আর্টিস্ট, রতন রঞ্জন এদিন তাঁর এক্স হ্যান্ডেলে আরও একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে রতন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন শাড়ি পরে টিভির সামনে ভোটের ফলাফল দেখে আতঙ্কিত হওয়ার ভান করছেন আর বলছেন “ রক্ষা করো মহাদেব।” ভিডিও পোস্ট হতেই তুমুল ভাইরাস সোশ্যাল মিডিয়ায়। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যেও এই ভিডিও তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। তবে এই ভাইরাল ভিডিও নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি তৃণমূল সরকার।

আরও পড়ুন: “প্রাক্তন মুখ্যমন্ত্রী হবেন মমতা, ফের চুল গজাবে আমার মাথায়” বিস্ফোরক কৌস্তভ বাগচী

প্রসঙ্গত, রতন রঞ্জন আসলে অত্যন্ত জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার, কমেডিয়ান এবং মিমিক্রি আর্টিস্ট। মূলত তিনি রাজনৈতিক বিষয়ে ব্যাঙ্গাত্মক ভিডিওর জন্য পরিচিত। গত বছর, জুলাইয়ে রাহুল গান্ধীর একটি বিতর্কিত ছবি পোস্ট করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।