লুকআউট নোটিস জারি করে ED, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সেই পুলিশকর্তা শান্তনু সিংহ বিশ্বাস

Published:

Santanu Sinha Biswas reaches CGO complex

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বারবার তলব করা সত্ত্বেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাজিরা এড়িয়ে ছিলেন কলকাতা পুলিশের কর্তা শান্তনু সিংহ বিশ্বাস (Santanu Sinha Biswas)। অবশেষে বৃহস্পতিবার, সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিলেন তিনি। সূত্রের খবর, এর আগে শান্তনু কোথায় ডিউটি করছেন অর্থাৎ তাঁর স্ট্যাটাস আপডেট জানতে চেয়ে চিঠি দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই চিঠিতে ইডি স্পষ্ট করে বুঝিয়েছিল, পুলিশকর্তা যেন দপ্তরে হাজিরা দেন। সেই মতোই অবশেষে কেন্দ্রীয় তদন্তকারীদের তদন্তে সহযোগিতা করলেন পুলিশ কর্তার শান্তনু।

শান্তনুর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল ইডি

জানা গিয়েছে, বারবার তলব করা সত্ত্বেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাজিরা এড়ানোয় ইডি আধিকারিকরা আশঙ্কা করেছিলেন কলকাতা পুলিশের কর্তা বোধহয় দেশ ছাড়তে পারেন। মূলত সে কারণেই তড়িঘড়ি তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে ইডি। জানা যায়, গত এপ্রিলে ভোটের আগে কলকাতা পুলিশের কর্তাকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তবে সেই সময় হাজিরা দেননি তিনি। ফলে বাধ্য হয়ে নিরাপত্তা নির্দেশনালয়কে চিঠি ধরিয়েছিল ইডি।

সূত্রের খবর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি চিঠি পাঠানোর পরই বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে পৌঁছন শান্তনু। জানা গিয়েছে সেখানেই পুলিশ কর্তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। তবে এতদিন ঠিক কোন কারণে ইডি আধিকারিকদের হাজিরা এড়িয়ে এড়িয়ে চলছিলেন কলকাতা পুলিশের কর্তা, তা জানা যায়নি। তবে এ থেকে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মনে সন্দেহ বেড়েছে সে কথা বলাই যায়।

অবশ্যই পড়ুন: ‘তৃণমূলের কৃতকর্মের ফল’, হাইকোর্টে মমতাকে ‘চোর’ বলায় দাবি শমীকের

প্রসঙ্গত, গত এপ্রিলে মামলার স্বার্থে শান্তনুর ফার্ন রোডের বাড়িতে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেদিন ভোর থেকে অভিযান চালালেও শান্তনু সিংহ বিশ্বাসকে দেখা যায়নি। রাত দুটো নাগাদ শান্তনুর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। পরবর্তীতে পুলিশ কর্তার দেখা না পেয়ে সেদিনই কলকাতা পুলিশ অফিসারের দুই পুত্র সায়ন্তন এবং মনীশকে সিজিও কমপ্লেক্সের ডেকে পাঠিয়েছিল ইডি। তবে অবাক করা বিষয়, শান্তনুর দুই ছেলেকেও এদিন হাজিরা দিতে যেতে দেখা যায়নি।