প্রীতি পোদ্দার, কলকাতা: বৃহস্পতিবার সকালে কলকাতা হাইকোর্টে বেনজির দৃশ্যের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। ভোট-পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে এসে বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান তুললেন আইনজীবীদের একাংশ। আর সেই ঘটনাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। জানালেন সবটাই আসলে দলের কৃতকর্মের ফল।
হাইকোর্ট চত্বরে মমতাকে কটাক্ষ
উল্লেখ্য, আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোট-পরবর্তী হিংসার অভিযোগ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজে তৃণমূলের আইনজীবী হিসাবে সওয়াল করেছিলেন। কিন্তু প্রধান বিচারপতি সুজয় পালের এজলাস থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্যাপক বিক্ষোভ এবং কটাক্ষের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। চারিদিকে চোর চোর স্লোগান উঠতে থাকে। পরিস্থিতি সামলাতে নিরাপত্তা রক্ষীদের কালঘাম ছুটে যায়। মমতা আইনজীবীদের একাংশের দিকে আঙুল দেখিয়ে বলেন, “ওরা আমাকে মেরেছে।” এরপর কোনোরকমে গাড়ি করে বেরিয়ে যেতেই ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন শমীক ভট্টাচার্য।
কী বলছেন শমীক ভট্টাচার্য?
হাইকোর্ট চত্বরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করার প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, “প্রাক্তন মহিলা মুখ্যমন্ত্রীকে দেখে চোর স্লোগান বিজেপি দেয় না। এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী তৃণমূল। কৃতকর্মের ফল থেকেই এমন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তবে এই ধরনের ঘটনা কাম্য নয়। খোঁজ নিলে দেখা যাবে, এর মধ্যে অনেকেই তৃণমূলেরই লোকজন।” তিনি আরও দাবি করেন, “তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষোভই এই ধরনের ঘটনার পেছনে রয়েছে। তবে এ ধরনের ঘটনা যাতে না হয় সেটা দেখতে হবে। আমরা সুস্থ, স্বাভাবিক সমাজ চাই।” অন্যদিকে হাইকোর্টে মমতার যাওয়া নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিলেন শুভেন্দু।
আরও পড়ুন: জল্পনা উড়িয়ে রথীন্দ্র বসুকেই স্পিকার প্রার্থী করল বিজেপি, আগামীকাল নির্বাচন
গতকাল, বুধবার, ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর আজ বিধায়ক হিসেবে বিধানসভায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেইসময় হাইকোর্টে মমতার উপস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমার হাতে অনেক কাজ আছে। অযথা বিষয় নিয়ে আমার মাথা ঘামানোর সময় নেই। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। অযথা বিষয় নিয়ে আমি ভাবিত নই।” এদিকে আজই বিধানসভায় স্পিকার হিসেবে মনোনীত হন বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বোস। আগামীকাল হবে নির্বাচন।










