জল্পনা উড়িয়ে রথীন্দ্র বসুকেই স্পিকার প্রার্থী করল বিজেপি, আগামীকাল নির্বাচন

Published:

Rathindra Bose

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য বিধানসভার নতুন স্পিকার হতে চলেছেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু (Rathindra Bose)। বিগত কয়েকদিন ধরেই গেরুয়া শিবিরে আলোচনা চলছিল যে বিজেপি (Bharatiya Janata Party) থেকে স্পিকার হিসেবে কাকে প্রার্থী করা হবে, অবশেষে সেই জল্পনা কাটিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদিও বিরোধী দলগুলি এই নির্বাচনে অংশ নেবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে এক্ষেত্রে বিজেপির জয় যে নিশ্চিত সেটা আন্দাজ করা যাচ্ছে।

কী বলছেন শুভেন্দু অধিকারী?

রিপোর্ট অনুযায়ী, আজ, বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, “কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক, সম্মানীয় শ্রী রথীন্দ্র বসু মহাশয়কে ১৮তম পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আমার স্থির বিশ্বাস তিনি সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হবেন।” জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রী এবং অন্য বিজেপি বিধায়কদের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেবেন রথীন্দ্র বসু।

বিশেষ প্রতিক্রিয়া দিলেন রথীন্দ্র বসু

বিজেপির স্পিকার পদপ্রার্থী হিসাবে মনোনীত হওয়ার পর রথীন্দ্র বসু বলেন, “দল যা দায়িত্ব দিয়েছে, তা পালন করব। প্রয়োজনে বিধানসভার অভিজ্ঞ সদস্যদের পরামর্শ নেব।” জানা গিয়েছে, তিনি পেশায় প্রথমে একজন চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন। পরে তিনি রাজনীতিতে যোগ দেন। তিনি RSS-এর সঙ্গে যুক্ত ছিলেন। চলতি বছরের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্রে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন রথীন্দ্র। সেখানে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। এবার পালা স্পিকারের দায়িত্ব পালন করার।

আরও পড়ুন: আদালত চত্বরে মমতাকে ঘিরে উঠল ‘চোর-চোর’ স্লোগান! তীব্র বিক্ষোভ আইনজীবীদের

নিয়ম অনুযায়ী, বিধায়কদের শপথ গ্রহণের পর বিধানসভায় স্পিকার পদে নির্বাচন হওয়ার কথা। সেক্ষেত্রে যদি বিরোধীরা পাল্টা কাউকে প্রার্থী করে সেক্ষেত্রে দরকার পড়বে নির্বাচনের। কিন্তু কফি কোনো প্রার্থী না দাঁড় করানো হয় তাহলে নির্বাচনের প্রয়োজন হবে না এবং সর্বসম্মতিক্রমে অষ্টাদশ বিধানসভার স্পিকার হিসেবে নির্বাচিত হবেন তিনি। এর আগে তৃণমূল আমলে রাজ্য বিধানসভার স্পিকার ছিলেন বারুইপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বাম আমলে বিধানসভার স্পিকার হয়েছিলেন যথাক্রমে সৈয়দ আব্দুল মনসুর হবিবুল্লাহ এবং হাসিম আব্দুল হালিম।