আদালত চত্বরে মমতাকে ঘিরে উঠল ‘চোর-চোর’ স্লোগান! তীব্র বিক্ষোভ আইনজীবীদের

Published:

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের ফলাফল প্রকাশ্যে আসতে না আসতেই এবার ভোট-পরবর্তী হিংসার মামলা গড়াল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আর সেই মামলায় তৃণমূলের হয়ে আইনি লড়াই করতে আজ বৃহস্পতিবার সকালে আচমকাই আইনজীবীর কালো পোশাক পরে হাইকোর্টে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মামলার সওয়াল-জবাব শেষে বেরনোর সময় হাইকোর্ট চত্বরে বেনজির পরিস্থিতির মুখে পড়লেন মমতা (Mamata Banerjee)। তাঁকে লক্ষ্য করেই উঠল ‘চোর-চোর’ স্লোগান।

হাইকোর্ট চত্বরে মমতাকে কটাক্ষ

রিপোর্ট অনুযায়ী, ভোট পরবর্তী অশান্তির জেরে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। আজ অর্থাৎ বৃহস্পতিবার, সেই মামলার শুনানি ছিল হাই কোর্টে। প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের এজলাসে ওই মামলার শুনানি হয়। তাই দলের আইনজীবী হিসাবে সওয়াল করার জন্য গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্ধারিত সময়েই প্রধান বিচারপতি পালের এজলাসে আইনজীবীর বেশে হাজির হয়েছিলেন তিনি। এরপর মামলার সওয়াল জবাবের পর এজলাস থেকে বেরোতেই চারিদিক থেকে উঠে আসে একাধিক কটাক্ষ।

তুলকালাম পরিস্থিতি হাইকোর্টে

তৃণমূলপন্থী আইনজীবীরা তাঁকে ঘিরে থাকলেও, ভিড়ের মধ্য থেকে আচমকাই ‘চোর পিসি’, ‘চোর ভাইপো’ স্লোগান উঠতে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। কিন্তু প্রধান বিচারপতি পরিস্থিতি শান্ত করার জন্য আইনজীবীদের অনুরোধ জানালেও লাভ বিশেষ হয়নি। এদিকে ভিড় ঠেলে মমতাকে গাড়িতে তুলতে কার্যত হিমশিম খেতে হয় পুলিশ এবং তৃণমূলের লিগাল সেলের সদস্যদের। চরম বিশৃঙ্খলার মধ্যে কোনওরকমে গাড়িতে উঠে আদালত চত্বর ত্যাগ করেন তিনি। আর এই ঝামেলা অশান্তির কারণে বেশ কিছুক্ষণ কাজ বন্ধ থাকে আদালতে।

আরও পড়ুন: রাস্তার ধারে প্রকাশ্যে পশু বলি নিষিদ্ধ করল রাজ্যে সরকার, না মানলেই জেল!

ভোট পরবর্তী অশান্তির মামলায় হাইকোর্টে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, “ভোটের পর রাজ্যে ভাঙচুর, হামলা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। শিশু, মহিলা, সংখ্যালঘু, কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। তফসিলি জাতিভুক্ত একটি পরিবারও আক্রান্ত হয়েছে। জাতি বা ধর্ম না দেখে বাড়িঘরে হামলা ও ভাঙচুর চলছে।” আদালতে এদিন মামলাকারীর পক্ষ থেকে ১০ জন আক্রান্তের নামের তালিকাও জমা দেওয়া হয়। অন্যদিকে নিউ মার্কেটের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। সওয়াল-জবাব শেষে প্রধান বিচারপতি জানান, সিদ্ধান্ত পরে জানানো হবে।