বাঁকুড়ার ঝিলিমিলি থেকে কলকাতার SBSTC বাস, দেখুন রুট-ভাড়া ও সময়সূচি

Published:

Jhilimili Kolkata Bus

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন প্রান্ত, বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলির সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার জন্য রাজ্য সরকার একাধিক সরকারি বাস পরিষেবা চালু করছে। দিঘা ও উত্তরবঙ্গের পর এবার বাঁকুড়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র ঝিলিমিলি থেকে কলকাতা আসার বাস পরিষেবা চালু হল। দীর্ঘদিন ধরেই জঙ্গলমহলের বাসিন্দারা কলকাতাগামী সরকারি বাসের জন্য দাবি জানাচ্ছিলেন, অবশেষে তাঁদের সেই দাবি পূরণ হল। শনিবার বারিকুলের ঝিলিমিলি থেকে কলকাতা পর্যন্ত (Jhilimili Kolkata Bus) দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (SBSTC) একটি বাস পরিষেবা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী ক্ষুদিরাম টুডু, পুলিশ সুপার পিবিজি সতীশ এবং এসবিএসটিসি-র কর্মকর্তারা। স্থানীয়রা এই বাসটি চালু হওয়ায় অত্যন্ত উপকৃত হবে। তাছাড়া, এটি ঝিলিমিলি সহ সমগ্র বাঁকুড়ার পর্যটনকে উৎসাহিত করবে বলেও আশা করা হচ্ছে। আসুন তাহলে এই বাসটির রুট, সময়সূচি ও ভাড়া সম্পর্কে জেনে নেওয়া যাক। 

ঝিলিমিলি – কলকাতা বাসের রুট ও সময়সূচি

ঝিলিমিলি – কলকাতা বাসটি যায় ভায়া ঝিলিমিলি – রানিবাঁধ – মুকুটমণিপুর – খাতড়া – বাঁকুড়া – বিষ্ণুপুর – আরামবাগ হয়ে কলকাতা। তবে, বাসটি প্রাথমিকভাবে এই রুটে চলাচল করছে, পরে রুটটি পরিবর্তন করে দুর্গাপুর হয়ে যাবে বলে ঘোষণা করা হয়েছে। নতুন এই এসবিএসটিসি বাসটি ঝিলিমিলি থেকে কলকাতার উদ্দেশ্যে ভোর ৪:২৫ মিনিটে ছাড়বে। আর এটি কলকাতা থেকে বিকেল ৩:১০ মিনিটে ঝিলিমিলির উদ্দেশ্যে রওনা দেবে। এই দুই স্থানের মধ্যে দূরত্ব প্রায় ৩০০ কিলোমিটার। ঝিলিমিলি থেকে কলকাতা যাওয়ার বাস ভাড়া ২৪৫ টাকা। তবে সরকারি বাস হওয়ায় মহিলারা এতে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানান, জঙ্গলমহলের এই এলাকায় সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় এই অঞ্চলের মানুষ ও বিশেষ করে মহিলারা অত্যন্ত আনন্দিত। সরকারের উদ্যোগে ১ জুন থেকে মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারছেন। বিষয়টি তাঁদের জন্য তাই অত্যন্ত আনন্দের। 

আরও পড়ুন: জওয়ানদের প্রাণ বাঁচিয়ে এক টুকরো জমি পান আব্দুল, সেই জমিতেই কাঁটাতার দেবে BSF

প্রসঙ্গত, বছর দুয়েক আগেই ঝিলিমিলিতে একটি নতুন বাস টার্মিনাস চালু করা হয়। স্থানীয়রা বলছেন, এখান থেকে সরাসরি কলকাতা পর্যন্ত বাস পরিষেবা চালু হওয়ায় জঙ্গলমহলের যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে। এছাড়া, পর্যটকরা প্রায়ই মুকুটমণিপুর ও ঝিলিমিলির মতো জায়গাগুলিতে অল্পদিনের জন্য ভ্রমণে আসেন, তাই এই বাস পরিষেবা চালু হলে পর্যটকদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা যায়।

google button