পড়ুয়াদের জন্য রেলের টিকিটে ছাড়, স্টুডেন্ট কনসেশন নিয়ে নয়া নির্দেশিকা শিক্ষা দফতরের

Published:

Student Train Pass

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুল পড়ুয়াদের জন্য এবার বিশেষ ভাবনা রেলের (Eastern Railway)! স্টুডেন্ট কনসেশনের (Student Train Pass) অপব্যবহার এড়াতে এবং সরকারি সুবিধা পৌঁছে দিতে নয়া নির্দেশিকা জারি করা হল। আসলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে রেল কনসেশন। কিন্তু বিগত কয়েক মাস ধরে প্রায়ই অভিযোগ উঠছে যে এই পাসের নানা অপব্যবহার হচ্ছে এমনকি অভিযোগও কম নয়। তাই এবার সেই নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করল পূর্ব রেল এবং রাজ্যের স্কুল শিক্ষা দফতর।

বিশেষ নির্দেশ পূর্ব রেলের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পূর্ব রেলের পক্ষ থেকে স্কুলশিক্ষা দফতরকে একটি চিঠি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে ছাত্রছাত্রীরা যাতে স্টুডেন্ট কনসেশন বা বিশেষ ছাড় পায় সেদিকে যেন নজর দেওয়া হয়। আসলে অনেক সময়ই সঠিক তথ্যের অভাবে সাধারণ পড়ুয়ারা এই সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে। কিন্তু ভবিষ্যতে যাতে আর এই সমস্যা না হয় তার জন্য স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে এই ছাড়ের বিষয়টি যেন ভাল ভাবে প্রচার করা হয়।

জারি হয়েছে কয়েকটি সতর্কবার্তা

সরকারি সুবিধার প্রচারের ওপর জোর দেওয়ার পাশাপাশি স্কুল শিক্ষা দপ্তর কে বেশ কয়েকটি বিষয়ে বিশেষ সতর্কবার্তা ও দিয়েছে পূর্ব রেল। স্পষ্ট বলা হয়েছে শুধুমাত্র ছাত্র-ছাত্রীরাই যেন এই সরকারি সুবিধা পায়। কোন অভিভাবক এবং শিক্ষকেরা যেন এই সুবিধা নেওয়ার চেষ্টা না করে। এছাড়াও সতর্কবার্তা হিসেবে আরও বলা হয়েছে যে ট্রেনে যাতায়াতের সময় পড়ুয়াদের স্কুলের পরিচয়পত্র বা আইডি কার্ড যেন গলায় ঝুলিয়ে রাখে। অর্থাৎ বোঝাই যাচ্ছে ছাত্র-ছাত্রীদের সরকারি সুবিধায় যাতে কোন খামতি না থাকে তার জন্য উঠে পড়ে লেগেছে প্রশাসন।

আরও পড়ুন: ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, রায়দানে বিশেষ বার্তা বিচারকের

ইতিমধ্যেই গত বৃহস্পতিবার থেকে পূর্ব রেলের নির্দেশ মতোই স্কুল শিক্ষা দফতর জেলা স্তরে এই বার্তা সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। দ্রুততার সাথে যাতে এই বার্তা সকলের কাছে গিয়ে পৌঁছয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে স্কুলগুলিও। উত্তরবঙ্গের এক জেলা স্কুল পরিদর্শক এই বিষয়ে জানান, “ ট্রেনের যাত্রাকে নিরাপদ এবং পড়ুয়াদের সুবিধার্থেই এমন পদক্ষেপ করা হয়েছে। তাই পড়ুয়া ও অভিভাবকদের সচেতন করতে দ্রুত প্রচার শুরু করা হবে।” এখন দেখার প্রশাসনের এই পদক্ষেপ কতটা কার্যকরী হয় ছাত্রছাত্রীদের কাছে।