অবশেষে স্বপ্নপূরণ, বিধায়কের সহায়তায় লালকেল্লার পথে বাসন্তীর সেলিমা

Published:

Selima Molla

সৌভিক মুখার্জী, কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে পরিচালিত অনলাইন প্রবন্ধ প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছিল বাসন্তীর সেলিমা মোল্লা (Selima Molla)। সেই সূত্রে আগামী ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় উপস্থিত থাকার সুযোগও পেয়েছিল সে। তবে দিন আনা দিন খাওয়া পরিবারে রাজধানীতে যাওয়ার খরচ যোগানো অসম্ভব হয়ে দাঁড়ায়। অবশেষে বিধায়কের সহায়তায় পূরণ হল ছাত্রীর দিল্লি যাওয়ার স্বপ্ন। সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরপরই নিজ উদ্যোগে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে লালকেল্লায় পৌঁছানোর সমস্ত ব্যবস্থা করে দেন। 

অবশেষে দিল্লি যাওয়ার স্বপ্নপূরণ সেলিমার

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা সেলিমা। আমঝাড়া গ্রামের ফুল মালঞ্চ ঋতু ভগত উচ্চমাধ্যমিক হাইস্কুলে নবম শ্রেণীতে পঠরত সে। পরিবারের আর্থিক অনটন নিত্যদিনের সঙ্গী। বাবা সেলিম মোল্লা সামান্য একজন দিনমজুর। মা রেহেনা বেগম গৃহবধূ। সেলিমার আরও দুই ভাই এবং এক বোন রয়েছে। তাঁদের মধ্যে বড় সে। পড়াশোনায় মেধাবী হলেও পরিবারের আর্থিক অনটনের কারণে ভালো কোনও কোচিং সেন্টারে পড়াশোনার সুযোগ পায়নি সেলিমা। প্রতিদিন ৩০ মিনিট সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করতে হয় তাঁকে।

এদিকে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকারের তরফ থেকে প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয়। তবে ‘বিকশিত ভারত’ বিষয়ের উপর প্রবন্ধ লিখে সুন্দরবনের এই ছাত্রী নির্বাচিত হয়। দেশজুড়ে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মধ্যে নজির গড়ে এই মেধাবী। তবে নিয়ম অনুযায়ী, প্রবন্ধ মনোনীত হওয়ায় কেন্দ্রের তরফ থেকে পুরস্কারের পাশাপাশি দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে উপস্থিত থাকার সুযোগ পায় সে। তবে তাতেই চিন্তার ভাঁজ পড়ে তাঁর পরিবারের কপালে। নিম্নবিত্ত পরিবারের পক্ষে মেয়ের দিল্লি যাওয়ার খরচ জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়ায়। সেখানেই তুরুপের তাস হয়ে দাঁড়ান ক্যানিং পশ্চিমের বিধায়ক।

আরও পড়ুন: অবশেষে স্বস্তি, অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরপরই বিষয়টি নজরে আসে বিধায়ক পরেশ রাম দাসের। সেই মতোই সেলিমের বাড়িতে আসেন বিধায়ক। এরপর নিজের গাড়িতে করে সেলিমা, সেলিমার বাবা এবং এক শিক্ষককে নিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বিধায়ক। এমনকি প্রত্যেকের ফ্লাইটের টিকিটের ব্যবস্থা করে দেন এমএলএ পরেশ রাম দাস। আগামীকাল অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন দিল্লির লালকেল্লায় উপস্থিত থাকবে দক্ষিণ ২৪ পরগনার এই কৃতি ছাত্রী। তাঁর ভবিষ্যতের উজ্জ্বলতা কামনা করি আমরাও…!