‘সৌরভের বাড়িতে ED হানা!’ ফেসবুকের ভুয়ো পোস্টের বিরুদ্ধে থানায় মহারাজ

Published:

Sourav Ganguly Files Police Complaint

প্রীতি পোদ্দার, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় (Social Media) এবার অবমাননাকর এবং বিভ্রান্তিমূলক পোস্টের অভিযোগ তুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)! অভিযোগের তীর ‘Sourav Ganguly Fans’ পেজের বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি সৌরভের বিরুদ্ধে মিথ্যে খবর ছড়ানোয় মর্যাদাহানির চেষ্টা করা হয়েছে, তাই এবার পুলিশের দ্বারস্থ হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক (Sourav Ganguly Files Police Complaint)। সোমবার ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করলেন তিনি।

থানায় অভিযোগ দায়ের সৌরভের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ফেসবুকে ‘Sourav Ganguly Fans’ নামে একটি পেজ রয়েছে, আর ওই ফেসবুজ পেজের বিরুদ্ধে ঠাকুরপুকুর থানায় এবার অভিযোগ দায়ের করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি অভিযোগপত্রে লিখেছেন, ‘নিরন্তর আমার মর্যাদাহানির চেষ্টা করছে। এবং জনগণের মধ্যে আমার সম্পর্কে নেতিবাচক ভাবমূর্তি তৈরির চেষ্টা করছে।’ পাশাপাশি তিনি যে অধিনায়ক ছিলেন, সেকথা উল্লেখ করে সৌরভ লিখেছেন, ‘বিশ্বজুড়ে আমার লক্ষ লক্ষ অনুগামী রয়েছে। এই ধরনের কনটেন্ট শেয়ার করে আমার ব্যক্তিগত মর্যাদার ক্ষতি করা হচ্ছে। তাই, এই পেজের যিনি কিংবা যাঁরা অপারেট করছেন, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হোক।’

Sourav Ganguly Files Police Complaint

কী লিখেছেন অভিযোগপত্রে?

সৌরভ গঙ্গোপাধ্যায় যে সামান্য কোনও কারণে পুলিশের দ্বারস্থ হননি, সেটাও অভিযোগপত্রে স্পষ্ট। প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট বলেছেন, ‘একজন পাবলিক ফিগার হিসেবে আমি বুঝি যে মতামত ও সমালোচনা জনজীবনেরই একটি অংশ। তবে আমার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর, মানহানিকর ও ক্ষতিকর বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’ ইতিমধ্যেই সেই অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এক শীর্ষ পুলিশ আধিকারিক। তিনি জানিয়েছেন শীঘ্রই এই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: শুধু টাইপিং নয়! এই ৪ কাজও করতে পারে ফোনের কিবোর্ড, জানেন না ৯৯% মানুষ

উল্লেখ্য, একদিন আগে ‘Sourav Ganguly Fans’ ফেসবুক পেজ থেকে একটি চাঞ্চল্যকর কনটেন্ট পোস্ট করা হয়, যেখানে দাবি করা হয়েছিল যে সৌরভের বাড়িতে হানা দিয়েছে ইডি। যেটা সম্পূর্ণ মিথ্যে। প্রচুর মানুষ সেই ভিডিও শেয়ারও করেছেন। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় অভিযোগ দায়ের করার পর ওই পোস্টটি আর দেখা যাচ্ছে না। সাইবার বিশেষজ্ঞদের মতে, সোশ্যাল মিডিয়ায় এভাবে খ্যাতনামাদের নিয়ে নানা ভুয়ো পোস্ট তৈরি করা হয়, তাঁদের দুর্নাম করার জন্য। তবে এবার খতিয়ে দেখতে হবে সেই পোস্টের উদ্দেশ্য কী। এখন দেখার সৌরভের অভিযোগ পাওয়ার পর পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে।