অনন্যা সরকার, পশ্চিম মেদিনীপুর: প্রথমে ঘোষণা করা হয়েছিল শালবনিতে তৈরি হবে ইস্পাত কারখানা (Steel Plant), তারপর সেটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় গড়বেতায়। তবে প্রস্তাবিত সময় পেরিয়ে গেলেও কারখানা তৈরি না হওয়া নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু অবশেষে সকল জট কাটিয়ে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সুবিশাল ও অত্যাধুনিক স্টিল প্লান্টটি গড়ে উঠছে গড়বেতায়। বাংলার ‘মহারাজার’ হাত ধরে রাজ্যের শিল্পক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেডের (Captain Steel India Ltd.) সাথে অংশীদারিত্বে বিপুল অর্থ খরচ করে এই মেগা প্রজেক্টটির কাজ শুরু হয়ে গিয়েছে। কর্মসংস্থানের সুযোগ আসবে বলে আশায় বসে আছেন এলাকাবাসী।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্টিল প্লান্টের কাজ শুরু গড়বেতায়
পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় গড়ে ওঠা এই স্টিল প্লানটির জন্য প্রায় ২,৫০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে হয়েছে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে এটি অন্যতম বড় বিনিয়োগ। এই বিনিয়োগ রাজ্যের শিল্প পরিকাঠামোয় আমূল পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একটা সময় এই কারখানা নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল সৌরভকে। কারখানায় উৎপাদন আদৌ চালু হবে কিনা, তাই নিয়ে নানা দিক থেকে প্রশ্ন ছুটে এসেছিল তার দিকে। তবে কটাক্ষের কোনো প্রত্যুত্তর করেননি ‘প্রিন্স অফ ক্যালকাটা’। শোনা যাচ্ছে, গড়বেতার এই নতুন কারখানাটিতে বছরে প্রায় ০.৮ মিলিয়ন টন পণ্য উৎপাদন হবে। ফলে এটি ভারতের বাজারে ইস্পাতের যোগান অনেকটাই বাড়াবে বলে আশা করা যায়। রাজ্যের জিডিপি (GDP) বৃদ্ধিতেও সাহায্য করবে এই কারখানা।
আরও পড়ুনঃ ব্যবসা করার সুবর্ণ সুযোগ, শিয়ালদা ডিভিশনের ৮৪ স্টেশনে স্টলের জন্য আবেদনপত্র আহ্বান রেলের
সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, আগামী বছর, অর্থাৎ ২০২৭ সালের নভেম্বর মাস নাগাদ কারখানাটি চালু হতে পারে। ইতিমধ্যেই কারখানার নির্মাণ কাজ শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। গড়বেতার এই মেগা স্টিল প্লান্ট পশ্চিম ও পূর্ব মেদিনীপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলাগুলির অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে আশা করা যায়। এই ভারী শিল্পকে কেন্দ্র করে লজিস্টিক, পরিবহন থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পেরও উন্নতি হবে বলে আশা করা যায়।










