পড়ুয়ারা স্কুলে ঢুকলে, বেরোলেই নোটিফিকেশন যাবে ফোনে, রাজ্যে চালু হচ্ছে অ্যাপ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে তুলতে অভিনব উদ্যোগ রাজ্যে (West Bengal)। নদীয়ার শান্তিপুরের কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের সুরক্ষা নিশ্চিত করতে এবং অভিভাবকদের সাথে স্কুলের সম্পর্ক আরও বাড়াতে বিশেষ অ্যাপ (Mobile App) চালু করতে চলেছে ওই বিদ্যালয় কর্তৃপক্ষ। যার নাম হবে পেরেন্ট অ্যাপ (App For School Students)। জানা যাচ্ছে, এই অ্যাপই পড়ুয়াদের অভিভাবকদের জানিয়ে দেবে তাঁদের ছেলে মেয়েরা কখন স্কুলে যাচ্ছে এবং স্কুল থেকে বেরোচ্ছে।

স্কুলে ঢুকলেই বাবা-মায়ের কাছে চলে যাবে নোটিফিকেশন

বিশেষ অ্যাপের মাধ্যমে পড়ুয়াদের অভিভাবকের কাছে তাঁদের ছেলে মেয়েদের লাইভ লোকেশন পাঠানোর আগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ডিজিটাল স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম এবং পেরেন্ট কমিউনিকেশন সিস্টেম। এই বিশেষ প্রকল্পের আওতায় প্রত্যেক পড়ুয়াকে দেওয়া হবে একটি করে ডিজিটাল স্মার্ট আইকার্ড। আর ওই আই কার্ড স্ক্যান করে স্কুলে (School) প্রবেশ করলেই সরাসরি অভিভাবকদের ফোনে চলে যাবে নোটিফিকেশন।

শুধু তাই নয়, ওই এক স্মার্ট আইকার্ডের মাধ্যমেই পড়ুয়ারা স্কুল থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই তথ্য পৌঁছে যাবে অভিভাবকদের ফোনে। এর ফলে খুব সহজে বাড়িতে বসে বসেই অভিভাবকরা জানতে পেরে যাবেন তাঁদের ছেলে মেয়েরা বিদ্যালয়ে পৌঁছল কিনা। এমনকি ঠিক কোন সময়ে বিদ্যালয়ে ঢুকল এবং কোন সময়ে বিদ্যালয়ের থেকে বেরোলো সবটাই জানতে পারবেন তাঁরা।

মূলত ছাত্র ছাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে নদীয়ার শান্তিপুরের কানাইবঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় বা প্রাইমারি স্কুল কর্তৃপক্ষের বিশেষ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবকেরা। ওই স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই এক অ্যাপের মাধ্যমেই পড়ুয়াদের সব রকম প্রজেক্ট, হোমওয়ার্ক থেকে শুরু করে স্কুলের পঠন-পাঠন সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাবে অভিভাবকদের ফোনে। এছাড়াও আগামী দিনে পড়ুয়াদের পিঠ থেকে ভারী ভারী ব্যাগ নামিয়ে কীভাবে স্মার্টফোন এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে স্কুলের সমস্ত পঠন পাঠন করানো যায় সেই দিকটাও খতিয়ে দেখছে স্কুল কর্তৃপক্ষ।