সুমিত রায়ের রক্ষাকবচ বহাল, উল্টে রাজ্য সরকারকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। কিন্তু তা সত্ত্বেও সুমিতের রক্ষাকবচ বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court Of India)। শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, পরবর্তী শুনানি যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত রক্ষাকবচ পাবেন তিনি। তবে এই সিদ্ধান্ত জানানোর সাথে সাথে যত দ্রুত সম্ভব তদন্তের রিপোর্ট জমা দিতে পশ্চিমবঙ্গ সরকারকে কড়া নির্দেশ দিয়েছে আদালত।

সুমিত রায়ের রক্ষাকবচ বহাল থাকছে

বুধবার, অভিষেকের আপ্ত সহায়কের জমি দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। এদিন রাজ্যের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা দাবি করেন, তদন্তে কিছুতেই সহযোগিতা করছেন না সুমিত রায়। হাজিরা দিলেও তদন্তে সহযোগিতা করা জরুরী বলেই জানান তিনি। এ কথা শুনে বিচারপতি বলেন, “আদালত তদন্তে বাধা হয়ে দাঁড়াচ্ছে না।”

এদিন রাজ্যের পক্ষে সলিসিটার জেনারেল তুষার বাবু আরও জানান, বর্তমানে যে তথ্য উঠে এসেছে তা গোটা তদন্তের একটা অংশ মাত্র। এখনও তদন্ত চলছে। তদন্তের গোটা রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে তাঁরা প্রস্তুত। এদিকে সুমিত রায়ের আইনজীবী পাল্টা বলেন, তাঁর মক্কেল 8 আগস্ট থেকে প্রতিদিন সকাল 10 টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হাজিরা দিচ্ছেন। সংবিধান তাঁকে নিরব থাকার অধিকার দিয়েছে। প্রশ্নের উত্তর না দেওয়ার অধিকার তাঁর রয়েছে।

আরও পড়ুন: সুজিত বসুর মামলা ছেড়ে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, নেপথ্যে বিরাট কারণ

এদিন, সুমিত রায়ের আইনজীবীর বক্তব্য শুনে বিচারপতি বাগচী জানান, “অবশ্যই সংবিধান একজন ব্যক্তিকে নিরব থাকার অধিকার দিয়েছে। আবার এই সংবিধান তদন্তকারী সংস্থাকে গ্রেফতার করারও অধিকার দিয়েছে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।”এদিন দু’পক্ষের সমস্ত বক্তব্য শোনার পর দ্রুত জমি দুর্নীতি মামলায় প্রয়োজনীয় রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। এক কথায়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত সুমিত রায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া  যাবে না।