আয়ুষ্মান ভারত প্রকল্পে বিরাট মাইলফলক অর্জন করল রাজ্য সরকার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Ayushman Bharat Yojana West Bengal

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে চালু হতেই আয়ুষ্মান ভারত প্রকল্পে (Ayushman Bharat Yojana) হুড়মুড়িয়ে বেড়েছিল আবেদনকারীর সংখ্যা। পরবর্তীতে গত 16 আগস্ট থেকে রাজ্যে শুরু হয়েছিল আয়ুষ্মান ভারত কার্ড বিতরণের কাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগেই জানিয়ে দিয়েছিলেন বাংলার অন্তত 6 কোটি পরিবারকে এই বিশেষ প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় যাঁরা থাকবেন না তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার অধীনে 5 লাখ টাকার চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। প্রশ্ন উঠছে, বর্তমানে রাজ্যের কত সংখ্যক মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাচ্ছেন? হিসেব দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

বর্তমানে কত সংখ্যক মানুষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়?

সোমবার, নবান্নের সব ঘর থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান প্রকল্প নিয়ে ঘোষণা করতে শোনা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। আর সেখানেই আয়ুষ্মান ভারত প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যাও জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বললেন, এই মুহূর্তে রাজ্যের 3 কোটি 23 লাখ মানুষের আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড সক্রিয় আছে। এছাড়াও আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের সুবিধা নিতে এখনও পর্যন্ত 31,541 জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন।

মুখ্যমন্ত্রীর কথায়, “আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় রাজ্যের 31 হাজার 541 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে 716 জন পশ্চিমবঙ্গের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা পাচ্ছেন।”এদিন সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বললেন, আয়ুষ্মান ভারত প্রকল্পটি মূলত অর্থনৈতিক দিক থেকে দুর্বল মানুষের জন্য। এক কথায়, আয়ুষ্মান ভারত প্রকল্পে বাংলার রেকর্ড সংখ্যক সুবিধাভোগীর নিরিখ বড় মাইলফলক অর্জন করল রাজ্য সরকার।

 

আরও পড়ুন: “শামির জন্য ভারতীয় দলের দরজা বন্ধ করা উচিত নয়” বললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এও বললেন, বাংলার জনগণের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের সুবিধার্থে সব রকম কাজ করবে সরকার। বলে রাখা প্রয়োজন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অধীনে একজন রোগী বছরে 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। তালিকাভুক্ত ভারতের যেকোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে মিলবে এই পরিষেবা।