বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে আর রাজ্যে চলবে না 15 বছরের বেশি বয়সী গাড়ি (15 Years Old Car)? বুধবার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) এক বক্তব্যের পরই এমন প্রশ্নই উঠছে নানা মহলে। জল্পনা বাড়ছে, তাহলে কি 15 বছরের বেশি বয়সী বাইক, স্কুটার এমনকি চারচাকা নিয়ে আর রাস্তায় বেরোনো যাবে না? এ নিয়ে অবশ্য মুখ্যমন্ত্রীর তরফে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি। তবে এদিন, স্বচ্ছ কবচ কর্মসূচির ভার্চুয়াল উদ্বোধন করার পরই বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ দূষণ প্রসঙ্গে মুখ খোলেন শুভেন্দু। ঠিক তখনই উঠে 15 বছরের বেশি পুরনো গাড়ির প্রসঙ্গ।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী?
বুধবার, রাজ্যে পরিচ্ছন্নতা বজায় রাখতে সাফাই কর্মীদের অবদান স্মরণ করে তাঁদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী। একই সাথে এদিন পাইলট প্রজেক্টের অধীনে স্বচ্ছ কবচ কর্মসূচির সূচনা করেন তিনি। আর তারপরেই পরিবেশ দূষণ নিয়ে কথা বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এদিন বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ মন্ত্রীর দায়িত্ব সামলানোর পুরনো অভিজ্ঞতা স্বরণ করে শহরের পরিবেশগত অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী বলেন, “কংক্রিটের জঙ্গল, নাগরিক অসচেতনতা এবং নির্বিচারে গাছ কাটার কারণে দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।” এদিন শহরে 15 বছরের বেশি বয়সী গাড়ির চলাচল নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “শহরের বিভিন্ন এলাকায় 15 বছরের বেশি বয়সী পুরনো গাড়ির চলাচলের উপর নজরদারির অভাব পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।”
অবশ্যই পড়ুন: ৫০,০০০ সাফাই কর্মী পাবে বিশেষ কিট, লাগানো হবে ৭ কোটি গাছ! ঘোষণা মুখ্যমন্ত্রীর
এরপরই মুখ্যমন্ত্রী বলেন, এই ধরনের ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে শিশু থেকে শুরু করে কিশোর এবং প্রবীণ নাগরিকদের উপর। এর জন্য চর্মরোগ, শ্বাসকষ্ট জনিত সমস্যার মতো ব্যাধি দিন দিন বাড়ছে। বিশেষ করে এই কারণেই শীতকালে বায়ু দূষণের সূচক অনেকটা বেড়ে যায়! মুখ্যমন্ত্রীর এমন বক্তব্যের পরই জল্পনা বেড়েছে তাহলে কি এবার থেকে আর রাস্তায় চলবে না 15 বছরের বেশি বয়সী গাড়ি? এ নিয়ে অবশ্য সরকারের তরফে কোনও স্পষ্ট নির্দেশিকা আসেনি। তবে এমন সিদ্ধান্ত গৃহীত হলে একদিক থেকে বহু গাড়ির মালিক যে বিপাকে পড়বেন সে কথা বলার অপেক্ষা রাখে না!










