সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ সরকার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) চালু করেছে ৪ মাস হল। ইতিমধ্যেই তিন মাসের অর্থ সহায়তা পেয়েছেন মহিলারা। এই মাসের ১৭ তারিখ থেকে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অন্যদিকে চলতি মাস থেকেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বেড়ে ১৫০০ টাকা কার্যকর হয়েছে। তবে আজ অন্নপূর্ণা যোজনা সহ বেশ কয়েকটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। হলদিয়ার কদমতলার সভা থেকে তিনি জানিয়ে দিলেন, আগামী ৫৬ মাস শুধুমাত্র প্রতিশ্রুতি পূরণ করবে রাজ্য সরকার।
অন্নপূর্ণা যোজনা সহ অন্যান্য প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এদিন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের মনোনয়নপত্র জমা দেওয়ার বিজয় সংকল্প সভা থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, “আমরা যে প্রতিশ্রুতিগুলি দিয়েছি, সেগুলি অক্ষরে অক্ষরে পূরণ করার দায়িত্ব আমার। মানুষের পেটে ভাত, মাথায় ছাদ, এ আমার অঙ্গীকার। আমি এটা পূরণ করব। ইতিমধ্যেই চার মাসে ৬৭ হাজার দিদি এবং বোনকে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আপনাদের অ্যাকাউন্টে দিয়েছে। অর্ধ সমাপ্ত বাড়ি, ৮ হাজার বাড়িতে আমরা দ্বিতীয় কিস্তিতে ৬০ হাজার করে টাকা, এবং আরও ১৩ হাজার নতুন বাড়ির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার করে টাকা আপনাদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করেছি।”
মুখ্যমন্ত্রী বলেন, “জনকল্যাণ শিবিরে যারা নতুন জবকার্ড, বার্ধক্য ভাতা বা অন্যান্য সামাজিক কর্মসূচিতে আবেদন করেছিলেন, সেটা আমরা পূরণ করার কাজ করেছি। আমরা হরিপুরে ফায়ার ব্রিগেড স্টেশন চালু করেছি। নন্দীগ্রাম, হলদিয়া টেন্ডারের প্রস্তুতি, রাইটার্সকে দিয়ে সমীক্ষা, প্রাথমিকভাবে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করেছি আমরা। এতটুকু বিচলিত হবেন না। যে পরিষেবা ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৯৫৬ ভোটে হারানোর পরে যত অফিস, যত পরিষেবা নন্দীগ্রামের জনগণ পেতেন, ২০২৬ সালে ১০ হাজারের কাছাকাছি ভোটে আমাকে জেতানোর জন্য একই পরিষেবা ২০৩১ পর্যন্ত দেওয়ার গ্যারান্টি শুভেন্দু অধিকারী আপনাদের দিয়ে গেলেন।”
আরও পড়ুন: “নন্দীগ্রামের ছেলেমেয়েদের সুযোগ কোথায়?” প্রার্থী ঘোষণা নিয়ে ক্ষোভ প্রকাশ অষ্টমী গিরির
উল্লেখ্য, অন্নপূর্ণা যোজনার টাকা আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন। তবে সেক্ষেত্রে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ডিবিটি লিংক থাকতে হবে। এর পাশাপাশি বার্ধক্য ভাতার টাকা চলতি মাসে প্রায় ৮২ লক্ষ উপভোক্তা পেয়েছেন বলেই জানিয়েছে রাজ্য সরকার।










