পরীক্ষাব্যবস্থার ভোল পাল্টাতে গঠন হল টাস্ক ফোর্স, নয়া বিজ্ঞপ্তি WBCHSE-র

Published:

Overhauling Exam System

অনন্যা সরকার, কলকাতা: শিক্ষা পরিকাঠামোর পাশাপাশি এবার পরীক্ষা ব্যবস্থাতেও (Exam System) আমূল বদল আসতে চলেছে। সম্প্রতি দেশের পাবলিক ও বোর্ড পরীক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স’ (High Powered Task Force) গঠন করা হয়েছে। পরিকাঠামোগত সংস্কারের পাশাপাশি উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার লক্ষ্যে এই কমিটি গঠিত হয়েছে। নয়া টাস্ক ফোর্সের সুপারিশের ভিত্তিতেই আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। এই প্রক্রিয়ার অংশ হচ্ছে পশ্চিমবঙ্গও। এই কারণে এখন রাজ্যের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সমস্ত অনুমোদিত স্কুল ও প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে মতামত ও সুপারিশ চেয়ে একটি নির্দেশিকা জারি করেছে।

WBCHSE-এর নয়া বিজ্ঞপ্তি জারি 

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে যে, পরীক্ষা ব্যবস্থায় সংস্কারমূলক পরিবর্তন আনার জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত সংগ্রহ করা হচ্ছে, যার মধ্যে রয়েছে কম্পিউটার-ভিত্তিক বোর্ড পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করা, বছরে একাধিকবার পরীক্ষা নেওয়ার সম্ভাবনা এবং বর্তমান পাঠ্যক্রমে নম্বরের ‘ওয়েটেজ’ নির্ধারণ করা। এছাড়াও, এই উদ্যোগের উদ্দেশ্য হল বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থা, শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা-সংক্রান্ত উদ্বেগ কমানো এবং আঞ্চলিক ভাষার প্রয়োগের ক্ষেত্রে স্কুলের পরিকাঠামো মূল্যায়ন করা। 

উল্লেখ্য, বর্তমান মূল্যায়ন পদ্ধতি এবং সংস্কার প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষক-কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানান, তারাও এটাই বিশ্বাস করেন যে উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা ব্যবস্থায় একটি আমূল সংস্কারের দরকার। বর্তমানে প্রশ্নপত্রের ধরন এবং সেমিস্টার পদ্ধতি পড়ুয়াদের মনস্তাত্ত্বিক বিকাশে সহায়ক নয়। ছাত্রছাত্রীরা পড়াশোনায় আগ্রহ হারাচ্ছে, এমনকি তারা স্কুলবিমুখও হয়ে যাচ্ছে। তবে প্রধান শিক্ষকদের সুপারিশগুলি ঠিক কতটা গৃহীত হবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

আরও পড়ুন: কলকাতার খুব কাছেই ‘মিনি পহেলগাঁও’, ঘুরে আসুন মাত্র ৫ টাকায়

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে যে, রাজ্য জুড়ে স্কুল প্রধানদের কাছ থেকে পাওয়া সমস্ত গুরুত্বপূর্ণ মতামত সম্বলিত একটি রিপোর্ট সরাসরি কেন্দ্রীয় টাস্ক ফোর্সের কাছে পাঠানো হবে। যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়, তার জন্য বিষয়টিকে জরুরি হিসেবে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।