সৌভিক মুখার্জী, কলকাতা: জুন বা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা পেলেও বহু মহিলার নাম বাদ গিয়েছে এবার। এমনকি ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত টাকা দেওয়ার কথা থাকলেও আবেদন বাতিল হওয়ার কারণে সিংহভাগ মহিলা পাননি টাকা। অথচ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এই ধাপে মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাবেন। এবার তা নিয়েই ক্ষোভ উগড়ে দিলেন মহিলারা। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ি ঘেরাও করলেন অন্নপূর্ণার আবেদনকারীরা।
রাজ্যের মন্ত্রীর বাড়ি ঘিরে বিক্ষোভ মহিলাদের
জুন মাস থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া। প্রথম মাসে ৫০ লক্ষ মহিলার টাকা দেওয়া হয়েছিল বলেই খবর। দ্বিতীয় মাসে পেয়েছিলেন মোট ১ কোটি ১০ লক্ষ মতো মহিলা। তবে বহু মহিলার আবেদন রিজেক্ট হওয়ার কারণে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ১০ জুলাই পর্যন্ত আবেদন করা প্রত্যেক মহিলার তথ্য আবার পুনরায় ভেরিফিকেশন করা হবে। তারপর সেখান থেকে যোগ্যদের যাচাই-বাছাই করে অন্নপূর্ণা যোজনার সুবিধা দেওয়া হবে। এমনকি আগস্টের ১৭ তারিখ থেকে ঢুকবে টাকা।
এদিকে গত ৩০ জুলাইয়ের পর অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক বা আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল বন্ধ করে দেওয়া হয়। তবে গতকাল অর্থাৎ ১৯ তারিখ সেই ওয়েবসাইট রাজ্য সরকারের তরফ থেকে খুলে দিলেও বেশিরভাগ মহিলার আবেদন এনকোয়ারি পর্যায়ে বা রিজেক্ট করে দেওয়া হয়েছে বলেই দেখানো হচ্ছে। এমনকি কেন সেই মহিলাদের আবেদন বাতিল হয়েছে সেই কারণও দেখানো হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।
আরও পড়ুন: ১ লাখ ভিউ হলেই কনটেন্ট ক্রিয়েটরদের ১০ হাজার টাকা, ঘোষণা রাজ্য সরকারের
তবে অনেক মহিলা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের আবেদন বাতিল হয়েছে বলেই উঠছে দাবি। সেই অভিযোগেই এবার রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ি ঘেরাও করেছেন মহিলারা। তাঁদের একটাই দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের তরফ থেকে তাঁদের আবেদন বাতিল করা হয়েছে। কার্যত এদিন মন্ত্রীর বাড়ির সামনে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। এমনকি মন্ত্রীকে বাড়িতে না পেয়ে তাঁর সঙ্গে সাক্ষাতের দাবি তোলেন মহিলারা। এক মহিলার কথায়, “ভোটের আগে এত প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কেন এখন এত হয়রানি? যোগ্য হওয়া সত্ত্বেও কেন আমাদের টাকা ঢুকছে না? জবাব দিতে হবে রাজ্যের মন্ত্রীদের।”










