এভাবে আর তোলা যাবে না রেশন, নিয়মে বদল আনল পশ্চিমবঙ্গ সরকার

Published:

Rationing

সৌভিক মুখার্জী, কলকাতা: রেশন ব্যবস্থাকে (Rationing) আরও উন্নত, স্বচ্ছ এবং ডিজিটাল করার উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। বায়োমেট্রিক ছাড়া এমনিতেই তোলা যায় না রেশন সামগ্রী। তবে এবার পরিবারভিত্তিক রেশন ব্যবস্থার ক্ষেত্রে বড় বদল আনল রাজ্যের খাদ্য দফতর। এবার আর ভিন্ন ভিন্ন জায়গা থেকে তোলা যাবে না রেশনের খাদ্যদ্রব্য। ফলে অনেকের কপালেই পড়ছে চিন্তার ভাঁজ। ঠিক কী বদল আনা হল? জানুন বিস্তারিত।

তোলা যাবে না আলাদা আলাদা রেশন

ডিজিটাল রেশন চালু হওয়ার পর থেকে রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই নিজের বরাদ্দের রেশন সামগ্রী তোলা যায়। এর জন্য নিজের ডিলারের কাছেই যে যেতে হবে এমন কোনও মানে নেই। তবে এখানেই রয়েছে সমস্যা। যাদের রেশন কার্ড যৌথ পরিবারে রয়েছে, অর্থাৎ একসঙ্গে একটি পরিবারের মধ্যেই প্রত্যেকের রেশন কার্ড, তারা এবার থেকে আর আলাদা আলাদা ভাবে রেশন তুলতে পারবে না। খাদ্য দফতরের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এক পরিবারকে শুধুমাত্র একটি জায়গা থেকেই রেশন তুলতে হবে।

আসলে অনেক ক্ষেত্রে দেখা যায়, পরিবার একই রয়েছে, কিন্তু কর্মসূত্রে কেউ বাইরে থাকার কারণে তিনি তাঁর রেশন কার্ডটি সেখানে নিয়ে গিয়ে সেখান থেকেই রেশন সামগ্রী তোলেন। তবে এতদিন তা সম্ভব হলেও এখন থেকে আর হবে না। খাদ্য দফতরের তরফ থেকে স্পষ্ট বলা হচ্ছে, একটি পরিবারের রেশন শুধুমাত্র একটি জায়গা থেকেই একবারে তুলতে হবে। ভিন্ন ভিন্ন কার্ডে আলাদা আলাদা জায়গায় রেশন তোলা যাবে না। যদি একান্তই তা করতে হয়, তাহলে পরিবার বিভাজন করে নিয়েই আলাদা জায়গা থেকে রেশন তুলতে পারেন।

আরও পড়ুন: কোনও শর্ত নেই, এই ব্যক্তিরা এমনিই পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবীমা

তবে হ্যাঁ, অনলাইনে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পরিবার বিভাজন করা গেলেও বর্তমানে এই প্রক্রিয়া বন্ধ রয়েছে। এটি শুধুমাত্র স্থানীয় বিডিও অফিস, কিংবা পৌরসভায় গেলেই করতে পারবেন। আসলে এই নিয়ম রেশন পরিষেবায় স্বচ্ছতা বজায় রাখার জন্যই আনা হয়েছে, এমনটাই দাবি খাদ্য দফতরের। তাই যারা পরিবারভিত্তিক রেশন তোলেন, তারা এই নিয়মের ফলে যে সমস্যায় পড়বেন তা বলার অপেক্ষা রাখে না। সেক্ষেত্রে আগেভাগেই একান্ত প্রয়োজন হলে পরিবার বিভাজন করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

google button