নামতে পারবেন না সমুদ্রে, বেড়া দিয়ে ঘেরা হল মন্দারমণি, ‘রেড জোন’ ঘোষণা প্রশাসনের

Published:

Mandarmani Beach

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর মুখে এবার মন্দারমনি (Mandarmani Beach) নিয়ে বড় পদক্ষেপ নিল প্রশাসন। পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে বিচের ২ কিলোমিটার অংশ সমুদ্র স্নানের জন্য নিষেধাজ্ঞা জারি করা হল। বিগত কয়েক মাস ধরে মন্দারমনি সমুদ্র সৈকতে (Mandarmani Beach Safety) পর্যটক মৃত্যুর সংখ্যা বেশ বেড়েছে। প্রশাসনের নজর এড়িয়ে অনেকেই সমুদ্রে স্নান করতে নেমে পড়ছে। বারংবার পুলিশের তরফে মানা করা সত্ত্বেও পর্যটকদের বেপরোয়া মনোভাব দেখা যাচ্ছে। তাই এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া হাতে ময়দানে নামল পুলিশ।

রেড জোন ঘোষণা প্রশাসনের

গত এক মাসে সমুদ্রে তলিয়ে প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন পর্যটক। এমনকি নিয়মের বাইরে গিয়ে অনেকেই মদ্যপ অবস্থাতেও সমুদ্রে স্নান করতে নেমে যাচ্ছে। তাই একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা যাতে বজায় থাকে তার জন্য পুজোর আগেই মন্দারমণি বিচের ২ কিলোমিটার সমুদ্র স্নানের জন্য নিষিদ্ধ করল প্রশাসন। মূলত মোহনা এলাকাকে বিপজ্জনক এলাকা বলে চিহ্নিত করা হয়েছে। জানা গিয়েছে মন্দারমণি উপকূল এলাকার ৩ নম্বর ঘাট থেকে প্রায় ২ কিমি পর্যন্ত বাঁশের উপর লাল কাপড় দিয়ে এলাকাটিকে ‘রেড জোন’ করে দেওয়া হয়েছে।

একগুচ্ছ বিষয়ে নির্দেশিকা পুলিশ প্রশাসনের

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে জানানো হয়েছে, সমুদ্র সৈকতে পুলিশ, সিভিক ভলান্টিয়ার, উদ্ধারকারী দল এবং নুলিয়াদের সংখ্যা বাড়ানো হচ্ছে এবং নতুন স্পিডবোটও দেওয়া হচ্ছে। এছাড়াও হাঁটু সমান জলের বেশি সমুদ্রে নামা যাবে না, মদ্যপান করে সমুদ্র এলাকায় ঘোরা যাবে না, সমুদ্রের ধারে নোংরা, আবর্জনা ফেলা যাবে না। পাশাপাশি রাত ১০টার পরে সমস্ত হোটেলের দরজা বন্ধ করে দিতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। জেলা পুলিশের এই উদ্যোগকে পর্যটকেরা সাধুবাদ জানাচ্ছেন। ইতিমধ্যেই পর্যটকদের সচেতন করতে মাইকিং করা হচ্ছে এলাকা জুড়ে।

আরও পড়ুন: বাবাকে শুনতে হয় সমাজের কটাক্ষ, বিনা কোচিংয়ে UPSC ক্র্যাক করে মেয়ে হলেন IPS অফিসার

পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অংশুমান সাহা বলেন, ‘মন্দারমণিতে দুর্ঘটনা কমাতে পর্যটকদের সচেতন করতে আমরা বেশ কিছু নিয়ম জারি করেছি। সেই সঙ্গে পর্যটকদের সচেতন থাকার কথা ঘোষণা করছি। পর্যটন কেন্দ্রের ঘাটগুলিতে পুলিশ, সিভিক ভলান্টিয়ার, নুলিয়া ও উদ্ধারকারী দল নিযুক্ত রয়েছে। পুজোয় সেই সংখ্যা বাড়ানো হবে। আগে যেখানে ৬০-৬৫ জন নিযুক্ত ছিল সেটি এখন বাড়িয়ে ১০০ জন করা হবে। প্রতিটি পর্যটক যাতে সুন্দরভাবে মন্দারমণির পরিবেশ উপভোগ করতে পারেন, তার চেষ্টা করা হচ্ছে।’ অন্যদিকে জেলাশাসক নিরঞ্জন কুমারও জানিয়েছেন, ”আনন্দ যেন বিপদ না ডেকে আনে তা খেয়াল রাখতে হবে। পর্যটকদের নিজেদেরও সচেতন হতে হবে। শুধু মাইকে প্রচার করে কিছু কাজ হবে না।”

আরও Mandarmani Tourist
google button