বিনিয়োগ ১০০০ কোটি, ডানকুনির ৪৫ একর জমিতে বিরাট প্রকল্প রিয়েল এস্টেটের

Published:

Transindia Real Estate Dankuni Project

অনন্যা সরকার, হুগলি: ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেড (Transindia Real Estate Limited) ১,০০০ কোটি টাকার একটি প্রকল্পের জন্য ডানকুনিতে প্রায় ৪৫ একর জমি অধিগ্রহণ করেছে। সাম্প্রতিক একটি রিপোর্ট অনুসারে, অলকার্গো গ্রুপের সহযোগী সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যে, পূর্ব ভারতে তাদের ওয়্যারহাউজিং এবং লজিস্টিকস পরিকাঠামো সম্প্রসারণের জন্য ডানকুনির এই জমিটিতে বিনিয়োগ করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, আগামী ২ বছরের মধ্যে এই ফেসিলিটি সম্পূর্ণরূপে চালু হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

 ১০০ কোটির বিনিয়োগ হয়ে গেছে ইতিমধ্যেই

সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেডের রিয়েল এস্টেট বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) এবং গ্লোবাল প্রকিউরমেন্ট প্রধান রাম ওয়ালাসে জানিয়েছেন যে, কোম্পানির পক্ষ থেকে ডানকুনিতে প্রায় ৪৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছে, এই জমির জন্য তারা ইতিমধ্যেই প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া, মৌলিক পরিকাঠামো ও মূল ওয়্যারহাউস নির্মাণের জন্য ট্রান্স ইন্ডিয়া কর্তৃপক্ষ আরও ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে বলেও জানিয়েছেন তিনি। 

রাম ওয়ালাসে জানান যে, পরবর্তীতে আরও ৫০০ কোটি টাকা লগ্নি করা হবে এই প্রকল্পে। তবে, এই বিনিয়োগটি সেইসব সংস্থা করবে যারা ওয়্যারহাউসটি ব্যবহার করবে। তিনি আশা রাখছেন যে, অভ্যন্তরীণ পরিকাঠামোর উন্নয়ন এবং প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য প্রায় ৫০০ কোটি টাকা বিনিয়োগ আসতে পারে এই প্রকল্পে।

আরও পড়ুন: উৎসবের মরসুমে পকেটে টান আমজনতার, রেপো রেট বাড়াল RBI, কতটা?

এই গুদামগুলোর সম্ভাব্য ব্যবহারকারীদের মধ্যে মূলত ই-কমার্স এবং লজিস্টিকস কোম্পানিগুলো থাকবে বলে আশা করা হচ্ছে। ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেডের রিয়েল এস্টেট বিভাগের সিইও জানান, বর্তমানে সারা দেশে তাদের প্রায় ৩০০ একর জমি রয়েছে, যা ব্যবহার করে আরও ৩০-৪০ লক্ষ বর্গফুট গুদামঘর নির্মান করা যাবে। 

জানিয়ে রাখি, দিল্লি-এনসিআর অঞ্চল, পুনে, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও চেন্নাইয়ের মতো মেট্রো শহরে ইতিমধ্যেই ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেডের উপস্থিতি রয়েছে। এবার কোম্পানিটি কলকাতার মার্কেটে সরাসরি প্রবেশ করতে চলেছে। ডানকুনির ওয়্যারহাউসটি এই শহরে তাদের প্রথম বিনিয়োগ। এই কেন্দ্রটি চালু হলে সারা দেশে কোম্পানিটির মোট ওয়্যারহাউজিং এলাকার পরিমাণ বেড়ে প্রায় ৬০ লক্ষ বর্গফুটে দাঁড়াবে।

google button