বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে 2018 সালে চালু হয়েছিল আয়ুষ্মান ভারত প্রকল্প (Ayushman Bharat Yojana) । এই প্রকল্পের আওতায় একজন ব্যক্তি বছরে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পেয়ে থাকেন সম্পূর্ণ বিনামূল্যে। যদিও তৃণমূল জামানায় এই প্রকল্পের সাথে যুক্ত ছিল না পশ্চিমবঙ্গ। তবে রাজ্যে পালাবদল হতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আয়ুষ্মান ভারতের সাথে জুড়েছে বাংলার নাম। বঙ্গের অন্তত 6 কোটি মানুষ এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন। তবে অনেক ক্ষেত্রেই অভিযোগ থাকে, আয়ুষ্মান ভারত কার্ড সাথে থাকা সত্ত্বেও রোগীদের ভর্তি নেয় না হাসপাতালে। সেক্ষেত্রে কী করবেন? কোনও হাসপাতাল যদি চিকিৎসা করতে নারাজ হয় কোথায় আবেদন করবেন জানেন?
আয়ুষ্মান ভারত কার্ডে হাসপাতাল চিকিৎসা পরিষেবা দিতে না চাইলে কী করবেন?
অনেক সময় ব্যক্তির নথিপত্রে ভুল থাকার কারণে হাসপাতাল আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা পরিষেবা দিতে রাজি হয় না। তবে যদি আপনার সমস্ত নথি ঠিক থাকে এবং তা সত্ত্বেও হাসপাতাল চিকিৎসা পরিষেবার জন্য না করে দেয় সে ক্ষেত্রে অভিযোগ জানানোর একাধিক উপায় রয়েছে। এক্ষেত্রে আয়ুষ্মান ভারত কার্ডে হাসপাতালে চিকিৎসা পরিষেবা না পেয়ে থাকলে 1800111565 নম্বরে অথবা 14555 নম্বরে কল করে অভিযোগ জানাতে পারেন।
বলে রাখা প্রয়োজন, নির্দিষ্ট নম্বরে অভিযোগ জানানোর সময় নিজের নাম, হাসপাতালে নাম, আয়ুষ্মান ভারত কার্ডের নম্বর একই সাথে আপনার কী সমস্যা হচ্ছে সেটাও সবিস্তারে জানাতে হবে। নির্দিষ্ট নম্বরে কল করার পাশাপাশি অনলাইনেও আপনি আপনার অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে আয়ুষ্মান ভারতের সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে রোগীর নাম, সমস্যার বিবরণ সহ হাসপাতালের নাম দিয়ে অভিযোগ জানানো যাবে। অনলাইনে অভিযোগ জানানোর পর একটি রেফারেন্স নম্বর পাবেন সেটা নিজের কাছে রেখে দিন।
অবশ্যই পড়ুন: নবদ্বীপ থেকে পুরী, মথুরার স্পেশাল ট্রেন! রথের আগে বিশাল বন্দোবস্ত রেলের
প্রসঙ্গত, নির্দিষ্ট মোবাইল নম্বর বা অনলাইনে অভিযোগ জানানোর পাশাপাশি রাজ্য বা জেলা স্তরে অভিযোগ জানানোর সুবিধা রয়েছে। সেক্ষেত্রে নোডাল অফিসার বা নির্দিষ্ট সেলের কাছে অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ জানানো যেতে পারে জেলা স্বাস্থ্য দপ্তরেও। এখন প্রশ্ন অভিযোগ জানানোর সময় কোন কোন নথি সাথে রাখতে হবে? এক্ষেত্রে আপনি আপনার আয়ুষ্মান ভারত কার্ড, হাসপাতালের প্রেসক্রিপশন, পরিচয় পত্রের জন্য নিজের আধার কার্ড বা ভোটার কার্ড, হাসপাতালের তরফে দেওয়া নির্দিষ্ট প্রমাণপত্র বা প্রত্যাখ্যান পত্র এছাড়াও চিকিৎসার জন্য রোগীর থেকে নেওয়া অতিরিক্ত টাকার বিবরণ বা প্রমাণ সঙ্গে রাখতে পারেন। আপনার অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তবে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।










