প্রীতি পোদ্দার, কলকাতা: সময় ক্রমেই ঘনিয়ে আসছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) ফলাফল প্রকাশ্যে আসতে আর বাকি মাত্র কিছু মুহূর্ত। সকাল ৮ টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হয়েছে, তারপর সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে EVM-এ প্রাপ্ত ভোটের গণনা (Election Counting)। স্বাভাবিকভাবেই টানটান পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। ইতিমধ্যেই ভিড় জমিয়েছে বিভিন্ন দলের একাধিক এজেন্ট। এমতাবস্থায় গণনাকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জোগানে বড় পদক্ষেপ গ্রহণ করল WBSEDCL। লোডশেডিং সমস্যা মেটাতে (Prevent Power Cuts At Counting Centers) বাড়তি কর্মী ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থার উপর নেওয়া হল বিশেষ নজর।
অতিরিক্ত কর্মী নিয়োগ WBSEDCL-এর
নির্বাচনের আবহে লোডশেডিং নিয়ে একাধিক অভিযোগ শোনা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে। তাই এবার গণনা কেন্দ্রগুলিতে বিদ্যুৎ বিভ্রাট সমস্যা দূর করতে সাব স্টেশন ও গ্রাহক পরিষেবা কেন্দ্রগুলিতে প্রায় সাত হাজার কর্মী নিয়োগ করল পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা WBSEDCL। এ ছাড়া সেখানে অতিরিক্ত বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা রাখছে তারা। বিশেষ করে, আবহাওয়ার জন্য কোথাও বিদ্যুৎ বিভ্রাট হলে যাতে দ্রুত অল্প সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করা যায়, সে জন্যই এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও গণনা কেন্দ্রগুলিতে ডিজেলচালিত জেনারেটর, ইনভার্টারের মতো বৈদ্যুতিক সরঞ্জাম বন্দোবস্তের দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।
কী বলছেন CEO মনোজ কুমার আগরওয়াল?
গণনাকেন্দ্রে লোডশেডিং হলে কী ব্যবস্থা নেওয়া হবে এই নিয়ে বিশেষ ব্যবস্থা নিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল। তিনি জানিয়েছেন, “ WBSEDCL, CESE, DVC- সহ যেখানে যেখানে যাদের সঙ্গে পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে কথা বলা দরকার, তাদের সঙ্গে প্রয়োজনীয় বৈঠক হয়ে গিয়েছে। ডবল লেভেল জেনারেটরের ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনওভাবে লোডশেডিং হয়, তাহলে জেনারেটরের সাহায্যে কারেন্ট ফেরাতে কয়েক সেকেন্ড কিংবা এক মিনিট লাগবে। তবে সবরকম ভাবে চেষ্টা করা হবে যাতে লোডশেডিং না হয়।” পাশাপাশি ইন্টারনেট ব্যবস্থা নিয়েও চরম পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, অতিরিক্ত ব্যান্ডউইথের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে কোনওরকম অসুবিধা না হয়।
আরও পড়ুন: সুভাষনগরে VVPAT স্লিপ বিতর্কে মুখ খুলল কমিশন
প্রসঙ্গত, ভোট গণনায় লোডশেডিং তত্ত্ব নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন। বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, “গণনাকেন্দ্রে ১০ সেকেন্ডও যেন লোডশেডিং না হয় দেখবেন। ১০ সেকেন্ডে ৫০টা মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয়, দলীয় নেতৃত্বকে জানাবেন।” পাশাপাশি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাত্র নেতাদের গণনা কেন্দ্রের বাইরে ট্রান্সফর্মার পাহারার নির্দেশ দেন। এখন দেখার সকলের নেওয়া যৌথ পদক্ষেপ কতটা কার্যকরী হয়।










