সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য রইল বিরাট সুখবর। আরও ২০ শতাংশ মহার্ঘ ভাতা (Dearness Allowance) বা ডিএ-র ঘোষণা হল আজ সোমবার। প্রত্যাশা মতোই আজ পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট (West Bengal Budget 2026) অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ষষ্ঠ বেতন পে কমিশনে আরও ২০ শতাংশ ডিএ-র ঘোষণা করেন। আর এরইসঙ্গে সকলের ভাতা বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশে। ১ অক্টোবর থেকে নতুন ডিএ কার্যকর হবে।
২০ শতাংশ ডিএ-র ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার
সোমবার ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটের প্রস্তাব পেশ করল বিজেপি সরকার। আর সেখানেই অনেক ঘোষণা করেন স্বপন দাশগুপ্ত। তিনি ঘোষণা করেন, ‘ডিএ ১২ শতাংশের ওপর আরও অতিরিক্ত ২০ শতাংশ চাপানো হল। আধা সরকারি, অশিক্ষক কর্মীদের অতিরিক্ত ২০ শতাংশ হারে ডিএ প্রদান করা হবে।’ আর এরইসঙ্গে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক কমে দাঁড়াল ২২ শতাংশ। বর্ধিত ডিএ পাবেন পেনশন ভোগীরাও।
এর আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সপ্তম বেতন কমিশন নিয়ে ঘোষণা করেছিলেন। মে মাসে তিনি বলেছিলেন, ‘রাজ্যের সরকারি কর্মচারী এবং বিধিবদ্ধ সংস্থা, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশনের গঠন করা হবে।’ তবে এখন সরকারের নতুন ডিএ ঘোষণায় বেজায় খুশি সরকারি কর্মীরা।
কী প্রতিক্রিয়া সরকারি কর্মীদের?
সরকারের ডিএ নিয়ে ঘোষণার পর এবার মুখ খুললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘অনেক প্রশ্নের জবাব দেওয়া হলো। কর্মচারীদের লড়াই তাহলে দলরাজনীতির বাইরে বেরিয়েও করা যায়!এই আপনাদের সবার।ধন্যবাদ মুখ্যমন্ত্রীকে।’ একজন লিখেছেন, ‘আমার মতে DA আশানুরূপ দিয়েছে। কিন্তু অক্টোবর থেকে না হয়ে অগাস্ট থেকে হলে ভালো হতো,বা যদি পুজোর মাসে থেকে হাতে পেতাম!’










