১০ তারিখ পেরোলেও নেই কোনও বিজ্ঞপ্তি, কবে শুরু হচ্ছে যুবশক্তির আবেদন?

Published:

Yuva Shakti

সৌভিক মুখার্জী, কলকাতা: অক্টোবরের ১০ তারিখ পেরিয়ে গেলেও যুবশক্তি প্রকল্পে (Yuva Shakti) কবে থেকে আবেদন শুরু হবে তা এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি এই প্রকল্প চালুর বিষয়ে আশ্বাস দিলেও নির্দিষ্ট রূপরেখা এখনও প্রকাশ করেনি নবান্ন। অথচ রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত জানিয়েছিলেন, অক্টোবর থেকেই এই প্রকল্পে আবেদন শুরু হবে এবং মিলবে ৩০০০ করে প্রতি মাসে। সেই সূত্রে রাজ্যের বেকারদের মনে এখন একটাই প্রশ্ন, আদৌ মিলবে তো যুবশক্তির টাকা?

কবে শুরু হচ্ছে যুবশক্তি প্রকল্পের আবেদন?

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যুবসাথী প্রকল্প বন্ধ হয়ে চালু হবে যুবশক্তি এবং তার আওতায় বেকারদের দেওয়া হবে ৩০০০ করে। তবে বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, গ্র্যাজুয়েট যুবকদের ৩০০০ টাকা দেওয়া হবে এবং বাকিরা পাবেন ২০০০ টাকা করে। অক্টোবর থেকেই এই প্রকল্পের আবেদন শুরু হবে বলে জানানো হয়। এমনকি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছিলেন, “৩০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা আর যারা গ্র্যাজুয়েট নন, তারা ২০০০ টাকা করে পাবেন।”

তবে অক্টোবর মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও এই প্রকল্পের কোনও বিজ্ঞপ্তি এখনও পর্যন্ত জারি করা হয়নি। বেশ কিছু সূত্র জানাচ্ছে, পুজোর আগেই যুবশক্তিতে আবেদন শুরু হতে পারে এবং অনলাইন ও অফলাইন দু’ভাবেই চলতে পারে আবেদন। সেক্ষেত্রে অবশ্যই যুবক-যুবতীকে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে। পাশাপাশি পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে এবং বর্তমানে কর্মহীন হতে হবে। তবে অক্টোবর মাস থেকে আবেদন শুরু হলেও এই মাসেই যে টাকা মিলবে এমন কোনও নিশ্চয়তা নেই।

আরও পড়ুন: “সরকারের সমালোচনা ও প্রতিবাদ করা গণতন্ত্রের অংশ” বড় রায় কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, এই প্রকল্পে আবেদন করার পরেই সুবিধাভোগীরা সরাসরি টাকা পাবেন না। অন্নপূর্ণা যোজনার মতো এখানেও ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হবে বলে খবর। তবে আবেদন করার পর রাজ্য সরকারের তরফ থেকে তা পুঙ্খানুপুঙ্খ যাচাই করা হবে। তারপর যদি সমস্ত যোগ্যতা পূরণ করা হয়, তাহলে মিলবে মাসিক ৩০০০ করে আর্থিক সহায়তা। তবে তার জন্য অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। এছাড়া বেশ কিছু ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। যার মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ইত্যাদি।

google button