গ্যাসের eKYC করতে গুনতে হবে ১০০০ টাকা! বড় খবর

Published:

LPG eKYC

সৌভিক মুখার্জী, কলকাতা: আগামী ১৬ আগস্টের মধ্যেই রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (LPG eKYC) করতে হবে। স্পষ্ট নির্দেশ কেন্দ্র সরকারের। এমনকি এই কাজ না করলে পরে তিনগুণ দামে গ্যাস কিনতে হবে এমনও শোনা যাচ্ছে। সেই কারণে গ্যাসের অফিস থেকে শুরু করে বিভিন্ন সাইবার ক্যাফে লাইন লাগাচ্ছে সাধারণ মানুষ। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই করা যাচ্ছে ই-কেওয়াইসি। তবে এবার এই কাজ করার জন্যই ১০০০ টাকা করে খরচ হচ্ছে বলে দাবি আমজনতার।

ই-কেওয়াইসি করতে খরচ ১০০০ টাকা!

সম্প্রতি জগৎবল্লভপুরে সামান্য রান্নার গ্যাসের ই-কেওয়াইসি করতে ১০০০ টাকা করে জিনিস কেনাতে বাধ্য করা হচ্ছে সাধারণ মানুষকে, এমনই অভিযোগ উঠছে সংশ্লিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থার ডিস্ট্রিবিউটরদের বিরুদ্ধে। আসলে যারা অনলাইনের মাধ্যমে বাড়িতে এই কাজ করতে পারছেন না, তারা গ্যাসের অফিসে গিয়েই করাচ্ছেন ই-কেওয়াইসি। আর এখানেই বিপত্তি। অভিযোগ, সামান্য ই-কেওয়াইসি করানোর জন্য গ্রাহকদেরকে ১০০০ টাকার বেশি মূল্যের বিভিন্ন সামগ্রী কিনতে বাধ্য করানো হচ্ছে। এমনকি না কিনলে কাজ হচ্ছে না।

এই অভিযোগে গত মঙ্গলবার সকালের মুন্সিরহাটে হাওড়া-আমতা রোডে অবরোধ করেন গ্রাহকরা। এমনকি এই কারণে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। শেষ পর্যন্ত পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। এমনকি স্থানীয়দের অভিযোগ, ই-কেওয়াইসি করাতে গেলে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটর অন্তত ১০০০ টাকা মূল্যের গ্যাসের পাইপ, বার্নার, ইত্যাদি সরঞ্জাম কেনার জন্য চাপ দিচ্ছে। যদি এই সামগ্রী না কেনা হয় তাহলে ই-কেওয়াইসি করা যাবে না বলেই জানাচ্ছেন ডিস্ট্রিবিউটর। একজনের বক্তব্য, “আমরা দীর্ঘদিন ধরেই গ্যাস ব্যবহার করছি। তবে সামান্য ই-কেওয়াইসি করতে কেন ১০০০ টাকা জিনিস কিনতে হবে বুঝতে পারছি না।”

আরও পড়ুন: “আরজি করের মতো পাপ কাজ থেকে বাঁচতে গীতা পড়তে হবে”, আদ্যাপীঠে বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, যারা গ্যাস অফিসে গিয়ে লাইন দিয়ে এই কাজ করাতে না চান, তারা সরাসরি বাড়িতে বসে নিজের স্মার্টফোন ব্যবহার করেই ফেস ভেরিফিকেশনের মাধ্যমে করে নিতে পারবেন ই-কেওয়াইসি। এর জন্য প্রথমে সংশ্লিষ্ট গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করতে হবে। তারপর নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর eKYC অপশনে গিয়ে সরাসরি নিজের ফেস ভেরিফিকেশনের মাধ্যমে এই কাজ করে নিতে পারবেন। তবে যারা গ্যাস অফিসে গিয়ে অফলাইনের মাধ্যমে করতে চান, তারা অবশ্যই এলপিজির পাসবুক, আধার কার্ড, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং সেই মোবাইল সঙ্গে নিয়ে যাবেন।