9000mAh ব্যাটারি, 165Hz ডিসপ্লে! বাজেটের মধ্যেই লঞ্চ হল OnePlus Nord 6

Published:

OnePlus Nord 6

সৌভিক মুখার্জী, কলকাতা: বাজার কাঁপাতে আবারও হাজির হল ওয়ানপ্লাস। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে পা রেখেছে ওয়ানপ্লাসের নতুন ফ্লাগশিপ কিলার স্মার্টফোন OnePlus Nord 6। 2026 সালের ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে এটি যে ওয়ানপ্লাসের সবথেকে উচ্চাকাঙ্ক্ষী মিড-রেঞ্জ স্মার্টফোন তা বলার অপেক্ষা রাখে না। 9000mAh এর ব্যাটারি থেকে শুরু করে 165Hz ডিসপ্লে, এই ফোনে এমন কিছু ফিচার্স রয়েছে যা সত্যি তাক লাগাবে।

9000mAh এর ধামাকাদার ব্যাটারি

এই ফোনটির সবথেকে বড় আকর্ষণ হল এর বিশাল 9000mAh সিলিকন কার্বন ব্যাটারি। ওয়ানপ্লাসের দাবি, ফোনটি একবার চার্জ দিলেই মাঝারি ব্যবহারে আড়াই দিনের বেশি চলবে। এমনকি বিশাল ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনের থিকনেস রাখা হয়েছে মাত্র 8.5 মিলিমিটার। আর 80 ওয়াটের SUPERVOOC চার্জিং এর সাহায্যে মাত্র 70 মিনিটেই ফোনটি ফুল চার্জ হবে বলে দাবি করেছে কোম্পানী। এমনকি এতে 27 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা হয়েছে, যার মাধ্যমে আপনি আপনার ইয়ারবার্ড বা স্মার্টওয়াচে খুব সহজেই চার্জ দিয়ে নিতে পারবেন।

পারফরমেন্স ও গেমিং

OnePlus Nord 6 ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের শক্তিশালী Snapdragon 8s Gen 4 চিপসেট। আর এতে গ্রাফিন কুলিং সিস্টেম থাকার কারণে দীর্ঘক্ষন ধরে গেমিং করলেও ফোন কোনও রকম গরম হবে না বলেই জানানো হয়েছে। বিজিএমআই, কল-অফ ডিউটি বা ফ্রি ফায়ারের মতো গেমগুলি এতে অনায়াসেই চলবে।

ডিসপ্লে ও ডিজাইন

এই ফোনটিতে রয়েছে 6.78 ইঞ্চির একটি AMOLED ডিসপ্লে, যেটির রিফ্রেশ রেট 165Hz। আর এতে 3600 নিটস পর্যন্ত ব্রাইটনেস পাওয়া যাবে। যার ফলে চড়া রোদেও স্ক্রিন অনায়াসে দেখা যাবে, কোনও রকম অসুবিধা হবে না। এদিকে চোখের সুরক্ষার জন্য এতে PWM ডিমিং প্রযুক্তি দেওয়া হয়েছে। আর ফোনের স্ক্রিন সুরক্ষায় ওয়ানপ্লাসের নিজস্ব ক্রিস্টাল গার্ড গ্লাস থাকছে।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফি প্রেমীদের জন্য রয়েছে বিরাট চমক। এই ফোনটিতে পিছনে দুটি ক্যামেরা রয়েছে। যার মধ্যে 50 মেগাপিক্সেলের একটি Sony LYTIA-600 মেইন ক্যামেরা থাকছে। আর 8 মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড লেন্স দেওয়া হচ্ছে। এমনকি সেলফির জন্য সামনে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। আর এর সঙ্গে এআই ইরেজার ও পোর্ট্রেট গ্লো-র মতো আধুনিক এআই এডিটিং টুলস দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতা-বেনারস সহ আরেকটি রুটে নতুন ট্রেন দিল রেল, দেখুন সময়সূচি

দাম ও ভেরিয়েন্ট

ভারতে OnePlus Nord 6 মডেলটির দাম রাখা হয়েছে মাত্র 38,999 টাকা। এটি 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট নিতে গেলে 41,999 টাকা খরচ করতে হবে। সবথেকে বড় ব্যাপার, লঞ্চ অফার হিসেবে এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করলে 3000 টাকা সরাসরি ডিসকাউন্ট পাওয়া যাবে। যার ফলে ফোনটির দাম শুরু হচ্ছে মাত্র 35,999 টাকা থেকে। আর আজ অর্থাৎ 9 এপ্রিল দুপুর 12টা থেকেই অ্যামাজন ইন্ডিয়া এবং ওয়ানপ্লাসের নিজস্ব স্টোরে এই ফোনটি বিক্রি শুরু হয়েছে।

google button