অনন্যা সরকার, নদিয়া: সম্প্রতি রানাঘাট থেকে রেশন কার্ডে (Ration Card) বেনিয়ম ও অননুমোদিত নাম অন্তর্ভুক্তি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে রানাঘাট ২ ব্লকের হিজুলি-২ পঞ্চায়েত এলাকায়। স্থানীয় বাসিন্দা স্বপন বিশ্বাস অভিযোগ অভিযোগ জানিয়েছেন, তাঁর পাঁচ সদস্যের পরিবারের রেশন কার্ডের সঙ্গে আরও চারজন প্রতিবেশীর নাম হঠাৎ যুক্ত করে দেওয়া হয়েছে। ওই ভুক্তভোগী পরিবারটি কার্ড থেকে নামগুলি অবিলম্বে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। আসুন ঠিক কী ঘটেছে বিশদে জেনে নেওয়া যাক।
রেশন কার্ডে প্রতিবেশীর নাম যুক্ত হওয়া নিয়ে ছড়িয়েছে চাঞ্চল্য
এই ঘটনাটি আগস্ট এর শুরুতেই প্রকাশ্যে এসেছিল। অভিযোগকারী স্বপন বিশ্বাস বলেন, রেশন কার্ডের কেওয়াইসি (KYC) প্রক্রিয়া চলাকালীন তিনি জানতে পারেন যে, রেশন কার্ডের তালিকায় তাঁর পরিবারের পাঁচ সদস্যের পাশাপাশি আরও চারজন প্রতিবেশীর নামও যুক্ত হয়ে রয়েছে। বিষয়টি জানার পর তিনি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানান এবং তারপর ধানতলা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।
অভিযোগকারী এও দাবি করেছেন যে, তাঁর পরিবারের কার্ডের সঙ্গে যে চারজনের নাম যুক্ত করা হয়েছিল, তাঁরা ওই এলাকায় খুব সম্প্রতিই এসেছেন এবং তাঁদের নাগরিকত্ব ও পরিচিতি নিয়ে সন্দেহ রয়েছে। পুলিশ ওই চারজনকে তাঁদের কার্ডগুলি জমা দেওয়ার নির্দেশ দিলেও, তাঁরা দিতে চাননি। প্রসঙ্গত, নদীয়া জেলার ফুড কন্ট্রোলার সৈকত চক্রবর্তী জানিয়েছেন, কোনও পরিবারের রেশন কার্ডে যদি সত্যিই এমন অনিয়ম বা ভুয়ো নাম যুক্ত হয়ে থাকে, তবে সেই বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: বাড়বে অবসর নেওয়া বয়স! বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের
তবে স্বপন বিশ্বাসের পরিবারের অভিযোগ করেছে যে, স্থানীয় পঞ্চায়েত প্রধানকে বিষয়টি জানানো হলেও তিনি এনিয়ে কোনও পদক্ষেপ নেননি এবং তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বিষয়টি খাদ্য দফতরের নজরে আনা হয়েছে এবং তারা এবিষয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছে। হিজুলি-২ পঞ্চায়েতের বিজেপি প্রধান নমিতা সরকার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তিনি অভিযোগকারীদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। বিষয়টি জানার পর তিনি উভয় পক্ষকেই জানান, প্রশাসন এনিয়ে তদন্ত করছে এবং তদন্তে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের আইনি শাস্তি পেতে হবে।










