ভরদুপুরে বড় দুর্ঘটনা, ভাতারে ট্যাংকারের পিছনে সজোরে ধাক্কা SBSTC বাসের, আহত ২৫

Published:

Bhatar Bus Accident

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর বাস দুর্ঘটনা ভাতাড়ে (Bhatar Bus Accident)। ভরদুপুরে বাদশাহী রোডে যাত্রীভর্তি একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি ট্যাংকারের পিছনে। আচমকা এই দুর্ঘটনা (Bus Accident) ঘটায় বাসের মধ্যে থাকা ২৫ জন যাত্রী জখম হন। তড়িঘড়ি স্থানীয়দের সহায়তায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে হাজির হয়েছেন পুলিশ, বিধায়ক। ক্ষতিগ্রস্ত বাসটিকে রাস্তার ধারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ঠিক কী ঘটেছিল?

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আজ, মঙ্গলবার, ভরদুপুরে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায় বাদশাহী রোডে ভয়ংকর বাস দুর্ঘটনা ঘটে। বাসটি বর্ধমান থেকে নতুনহাটের দিকে যাচ্ছিল আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে আলিনগরের কাছে কাপশোর মোড় এলাকায় দ্রুত গতিতে সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারে। দুর্ঘটনার পরেই বাসের যাত্রীদের উদ্ধার করার জন্য ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় ভাতাড় থানার পুলিশ। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য ভাতার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্যাহত হয়েছে যান চলাচল ব্যবস্থা

শেষ পাওয়া আপডেট অনুযায়ী জানা গিয়েছে প্রাথমিক চিকিৎসার পরে ১৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে সাময়িক জন চলাচল ব্যাহত হয় ওই রাস্তায়। পরে পুলিশের হস্তক্ষেপে ক্ষতিগ্রস্ত বাষটিকে রাস্তার ধারে কোনরকমে দাঁড় করিয়ে পুনরায় যাতায়াত ব্যবস্থা চালু করা হয়েছে। আহত বেশ কয়েকজন যাত্রীর দাবি, “আমরা অনেকবার ড্রাইভারকে আস্তে চালানোর জন্য অনুরোধ করেছিলাম কিন্তু কিছুতেই গাড়ি আস্তে চালাচ্ছিলেন না। যার ফলে কিছু বোঝার আগেই ট্যাংকারের পিছনে ধাক্কা খায় বাসটি।” ঘটনার পূর্ণতদন্তে নেমেছে পুলিশ।

আরও পড়ুন: যাত্রা দেখে ফেরার পথেই বিপদ, আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ পুরুলিয়ায়, গ্রেফতার ৬

অন্যদিকে আজ উত্তরাখণ্ডে সাতসকালে হৃষীকেশ-বদরীনাথ হাইওয়েতে ভয়ংকর বাস দুর্ঘটনা ঘটে। টিহরী গঢ়বাল জেলায় গুলার বাজারের কাছে একটি সেতু থেকে ছিটকে নদীখাতে গিয়ে পড়ে বাসটি। দুর্ঘটনার সময়ে সেটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। প্রায় ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উত্তরাখণ্ডের বিপর্যয় মোকাবিলা দল।

google button