বিক্রম ব্যানার্জী, কলকাতা: কষ্টার্জিত অর্থ কোথায় বিনিয়োগ (Investment Tips) করলে আখেরে লাভ হবে? মাসের শেষে বা শুরুতে বেতন পাওয়ার পর এই প্রশ্নটাই ঘুরপাক খায় বহু কর্মীর মনে। আর দীর্ঘ মেয়াদে ভাল রিটার্ন পাওয়ার জন্য বিনিয়োগের ক্ষেত্রে মাথায় আসে দুটি বিকল্পের কথা। যার মধ্যে একটি সোনা (Gold) আরেকটি হল শেয়ার বাজার (Stock Market)। তবে এই দুই বিকল্পের মধ্যে কোনটিতে বিনিয়োগ করলে আসলে লাভ হবে (Gold Vs Stock Market) সেটাই বুঝে উঠতে পারেন না বিনিয়োগকারীরা। চলুন জেনে নেওয়া যাক এই দুই খাতের মধ্যে কোনটিতে বিনিয়োগ করলে আদতে লাভবান হবেন আপনি।
সোনা নাকি শেয়ার বাজার কোথায় লক্ষীলাভ হবে আপনার?
সাধারণত সোনাকে নিরাপদ আশ্রয় বা বিনিয়োগ ক্ষেত্র হিসেবে দেখা হয়ে থাকে। বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশের দাবি, সোনা আজকে আপনাকে লসের মুখে দাঁড় করালেও দীর্ঘ মেয়াদে এই সোনা থেকেই বিপুল অর্থ আয় হতে পারে আপনার। সেই তুলনায় শেয়ারবাজার যথেষ্ট ঝুঁকিপূর্ণ। সোনায় বিনিয়োগ করে থাকলে বিনিয়োগকারীর অর্থ দীর্ঘ মেয়াদে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। বরং বিনিয়োগকারী যেটুকু অর্থ বিনিয়োগ করেন তার থেকে দ্বিগুণ বা কয়েক গুণ রিটার্ন দেয় সোনা। সেই উদাহরণ মিলেছে বিগত বছরগুলিতে।
তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, ফিজিক্যাল গোল্ড এর তুলনায় ডিজিটাল গোল্ডে বিনিয়োগ করা ভাল। কারণ, সাধারণত ফিজিক্যাল গোল্ড কিনলে পরবর্তীতে তা বিক্রি করতে গেলে বাদ যায় মজুরি। পরবর্তীতে সোনার দামটুকুই পান গ্রাহকরা। অন্যদিকে ডিজিটাল গোল্ড এ মজুরি বাদ যাওয়ার চিন্তা নেই। বরং আপনি যে অর্থ বিনিয়োগ করছেন তা সুদ আসল মিলিয়ে আপনার হাতে আসবে।
আরও পড়ুন: সিলিং ফ্যানে জমে রয়েছে মোটা স্তরের ধুলো? ৩ সহজ ঘরোয়া উপায়েই মিলবে সমাধান
অন্যদিকে শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। স্টক মার্কেটের বিশেষজ্ঞরাই বলেন, এই বাজারে বিনিয়োগ করে যে কোনও মুহূর্তে সঞ্চিত অর্থ ডুবে যেতে পারে বিনিয়োগকারীর। আবার ভাগ্য সহায় থাকলে শেয়ার মোটা রিটার্ন দিলে মালামাল হওয়ারও উদাহরণ রয়েছে অহরহ। বিশেষজ্ঞরা বলছেন, 10 থেকে 15 বছরের হিসাব করলে সোনার তুলনায় অনেকটাই বেশি রিটার্ন দেয় শেয়ার বাজার। সব মিলিয়ে বলাই যায়, নিশ্চিন্তে এবং নিরাপদে বিনিয়োগ করতে চাইলে সোনায় বিনিয়োগ করা যেতে পারে। অন্যদিকে রিস্ক নিতে পারলে, বাজারের দৈনিক উত্থান পতন সত্বেও বিনিয়োগ করার ইচ্ছা থাকলে শেয়ার বাজার আপনার জন্য ভাল বিকল্প হতে পারে।










