বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিগত দিনগুলিতে দফায় দফায় বেড়েছে চিনির দাম (Sugar Price Hike)। তাতে পকেটে টান পড়েছে মধ্যবিত্তের। বিশেষ করে উৎসবের মরসুম শুরুর আগে আকস্মিকভাবে সাদা শস্যের এই মূল্যবৃদ্ধি খানিকটা ভাবতে বাধ্য করছে আমজনতাকে। তবে চিনির মূল্যবৃদ্ধির নেপথ্যে অনেকেই আবার ইথানলকে দায়ী করছেন। তবে সরকার কিন্তু তেমনটা বলছে না। তাহলে কেন বাড়ছে চিনির দাম? নেপথ্যে কি কোনও বিশেষ কারণ? বিস্তারিত জানাল কেন্দ্রীয় সরকার (Central Government)।
কেন বাড়ছে চিনির দাম?
গত এক মাসে ভারতে চিনির দাম বেড়েছে প্রতি কেজিতে প্রায় সাত টাকা। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবন্টন মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 20 জুলাই ভারতে প্রতি কেজি চিনির দাম ছিল গড়ে 48 টাকা 18 পয়সা। তবে এ মাসের 20 তারিখ সেই দাম বেড়ে হয়েছে 55 টাকা 70 পয়সা। এর অর্থ মাত্র এক মাসে প্রতি কেজি চিনিতে দাম বেড়েছে 7 টাকা 52 পয়সা।
এখন প্রশ্ন, কেন বাড়ছে চিনির দাম? চিনির দাম বৃদ্ধির নেপথ্যে অনেকেই ইথানল তৈরির ক্ষেত্রে আখের ব্যবহারকে দায়ী করছেন। কিন্তু কেন্দ্র বলছে এমনটা নয়। উল্টে বলা হচ্ছে ইথানল উৎপাদনের ক্ষেত্রে আখের ব্যবহার উল্লেখযোগ্য ভাবে কমেছে। 2025-26 আর্থিক বছরে ইথানলে আখের ব্যবহার 2022-23 আর্থিক বছরের 12 শতাংশ থেকে কমে 9 শতাংশতে নেমে এসেছে। বরং ইথানাল তৈরির ক্ষেত্রে তিন চতুর্থাংশ লাগছে শস্য। তাহলে কেন বাড়ছে চিনির দাম?
কেন্দ্রীয় সরকারের তরফ স্পষ্ট জানানো হয়েছে, চিনির মূল্যবৃদ্ধির পেছনে নির্দিষ্ট একটি কারণ নয় বরং একাধিক কারণ রয়েছে। তবে এইসব কারণের মধ্যে অন্যতম চাহিদার তুলনায় কম উৎপাদন। কেন্দ্র বলছে, উৎসবের মরসুমে চিনির অত্যাধিক চাহিদা বৃদ্ধি পেলেও খারাপ আবহাওয়ার কারণে আখের ক্ষতি হচ্ছে ব্যাপক। এছাড়াও বিশ্ববাজারে চিনির সরবরাহ কমে যাওয়া, অতিরিক্ত মুনাফার চেষ্টা এমনকি শিল্পের কিছু অংশে কালোবাজারি হওয়ার কারণে চিনির দাম বাড়ছে দিন দিন।
যদিও চিনির দাম স্থিতিশীল করতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে নয়া দিল্লির তরফে। যত দ্রুত সম্ভব সাধ্যমত চিনির দাম কমানো যায় সেদিকেই নজর রয়েছে কেন্দ্রীয় সরকারের। বিশেষজ্ঞরা মনে করছেন, উৎসবের সময় চিনির চাহিদা আরও বাড়বে, এদিকে আখের সরবরাহ কম থাকায় স্বাভাবিকভাবেই আগামী দিনগুলিতে চিনির দাম আরও খানিকটা বাড়তে চলেছে।










