সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা টেলিভিশনে এখন নয়া চমক। বাংলার ঘরে ঘরে বছরের পর বছর ধরে চলছে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নং ১। (Didi No. 1)’ উপস্থাপনার দায়িত্বে ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। মানুষ তাঁকে দেখেই অভ্যস্ত ছিলেন। তবে এবার সেই মুখ বদল হয়েছে। এবার থেকে উপস্থাপনা করবেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইতিমধ্যে তার ঝলকও সামনে এসেছে। তবে বিষয়টা ঠিক কেমনভাবে দেখছেন রচনা? চ্যানেল কি তাঁকে বের করে দিল? এই নিয়ে মুখ খুললেন রচনা বন্দ্যোপাধ্যায়।
‘দিদি নং ১’ -এ দেখা যাবে না রচনা বন্দ্যোপাধ্যায়কে
বাংলার ঘরে ঘরে দিদি নং ১-কে জনপ্রিয়তা এনে দিয়েছিলেন রচনা সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। দীর্ঘ ১৫ বছর ধরে জি বাংলার পর্দায় রচনাকে দিদি নং ১ শো দাপটের সঙ্গে করতে দেখা গিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব সকলেই এসেছেন। কিন্তু এবার আর তাঁকে দেখা যাবে না। রাজনৈতিক কারণেই কি এই সিদ্ধান্ত? এই বিষয়ে মুখ খুললেন তিনি। সেইসঙ্গে চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন চ্যানেক কর্তৃপক্ষকে। তিনি জানান, “আমার কাজের চাপ আছে। এটা তো একটা কারণ বটেই। দ্বিতীয়ত, এটা চ্যানেলের সিদ্ধান্ত ছিল। কারণ, ওরা এই অনুষ্ঠানকে নতুন ভাবে সাজাতে চেয়েছিল। আর চ্যানেলের সিদ্ধান্তের উপরে তো আমি কিছু বলতে পারি না। আমরা সমৃদ্ধ হয়েছি এতগুলো বছরে।”
জি বাংলাকে চ্যালেঞ্জ অভিনেত্রীর
রচনা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেন, ‘এটা ওদের জন্য বড় চ্যালেঞ্জ। ওদের প্রমাণ করে দেখাতে হবে, রচনা বন্দ্যোপাধ্যায়েরও পরিবর্ত কেউ হতে পারে। সেটা করে দেখাক ওরা। আমি সেই দিনটাই দেখার অপেক্ষায় আছি। সঞ্চালিকা পরিবর্তনের সিদ্ধান্ত ওরা নিয়েছিল। আমি আমার সবটুকু দিয়ে এই অনুষ্ঠান করেছি।’ তিনি এও বলতে ভোলেন না যে দিদি নং ১ আজ যে জায়গায় আছে, এত যে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে সেটার কৃতিত্ব তাঁরই।
আরও পড়ুনঃ আগামী ১৫ দিন বিশেষ কর্মসূচি! প্রত্যেকটি স্কুলে নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের
রচনা আরও বলেন, ‘এই শো আজ যে জায়গায় রয়েছে, সেটা আমি ছিলাম বলে এবং আমার অবদান ছিল বলেই এই পর্যায়ে এসে পৌঁছেছে । সবাইকে আমার শুভেচ্ছা। ওঁদের তো এ বার প্রমাণ করতে হবে গোটা পশ্চিমবঙ্গ, ভারতবাসীর কাছে যে, রচনা বন্দ্যোপাধ্যায় ছাড়া এই অনুষ্ঠান তাঁরা সফল করতে পারেন।’










