কোনও বলিউড স্টার নয়, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে বাবার অভিনয় করবেন এই বাঙালি

Published:

Sourav Ganguly

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই শুরু হয়েছে শ্যুটিং। বর্তমানে জোরকদমে চলছে প্রাক্তন ভারতীয় অধিনায়ক দাদা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) বায়োপিকের কাজ। ছবির নাম কী হবে, তা নিয়ে চলছে জোর জল্পনা। তবে নাম ঠিক না হলেও সৌরভের বাবার চরিত্রে অভিনয় করতে চলেছেন একজন বাঙালি অভিনেতা। হ্যাঁ, প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলির বাবা চন্ডী গাঙ্গুলির ভূমিকায় অভিনয় করতে পারেন একজন বলিউড অভিনেতা। তবে এখন শোনা যাচ্ছে, সৌরভ গাঙ্গুলি যেহেতু বাঙালি চরিত্র, তাই তাঁর বাবার ভূমিকায় দেখা যাবে একজন পরিচিত বাঙালি অভিনেতাকেই।

সৌরভের বাবার চরিত্রে অভিনয় করবেন কে?

মাঝে শোনা যাচ্ছিল, দাদা সৌরভের বাবার চরিত্রে দেখা যেতে পারে বোম্যান ইরানিকে। বলিউডের অত্যন্ত পরিচিত মুখ, বোম্যান অবশ্য এ প্রসঙ্গে মুখ খোলেননি। তবে এখন শোনা যাচ্ছে, কোনও বলি অভিনেতা নয় বরং বাঙালি অভিনেতাকেই সৌরভের বাবা চন্ডী গাঙ্গুলির ভূমিকায় দেখা যেতে পারে। কিন্তু কে তিনি? সৌরভের বাবার ভূমিকায় অভিনয় করবেন বাংলার জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

কমবেশি সকলেই জানেন, বাংলায় অভিনয় করার পাশাপাশি হিন্দি সিনেমা এবং সিরিজেও বর্তমানে অভিনয় করতে দেখা যায় শাশ্বতকে। এর আগে বহু হিন্দি সিরিজ এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি। এবার অভিনয় করবেন খোদ দাদা সৌরভের বাবার চরিত্রে। শোনা যাচ্ছে, পরিচালকরা সৌরভের বায়োপিক দেখে তাঁর বাবার চরিত্রের জন্য যোগ্য মনে করেছেন শাশ্বতকে। সেই মতোই, কাস্ট ঠিক করে শুরু হয়েছে শ্যুটিং।

আপাতত সৌরভ গাঙ্গুলির বায়োপিকের নাম ঠিক না হলেও ছবিটির টাইটেল হিসেবে প্রাথমিকভাবে ব্যবহার করা হচ্ছে দাদা: দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি নামটি। মূলত দুই জায়গা অর্থাৎ কলকাতা এবং মুম্বইতে হবে এই গোটা সিনেমার শ্যুটিং। মুম্বইয়ে তৈরি করা হয়েছে সৌরভের বাড়ির সেট। এদিকে ইতিমধ্যেই পরিচালক বিক্রমাদিত্য মতোয়ানে কলকাতায় এসে বেশ কিছুদিন সমস্ত বিষয় পর্যবেক্ষণ করে গিয়েছেন।

অবশ্যই পড়ুন: বাঁচালেন বিকাশ! বাম নেতার সওয়াল-জবাবেই অদিতি, দেবরাজকে রক্ষাকবচ হাইকোর্টের

প্রসঙ্গত, শুরুর দিকে সৌরভ গাঙ্গুলির চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে তৈরি হয়েছিল টানাপোড়েন। জানা যায়, সৌরভ নিজেই চেয়েছিলেন তাঁর চরিত্রে অভিনয় করুক হৃত্বিক রোশন। তবে ছবির চিত্রনাট্য চূড়ান্ত না হওয়ার কারণে সেই সময় বলিউড অভিনেতার সঙ্গে পাকা কথা বলা যায়নি। এরপর শোনা যায়, রনবীর কাপুরকে এই চরিত্রে অভিনয় করানো হতে পারে। তবে সেসব জল্পনার পর অবশেষে সৌরভের চরিত্রে চূড়ান্ত হয় রাজকুমার রাও এর নাম। ইতিমধ্যেই ছবির জন্য কলকাতায় এসে সময় কাটিয়ে গিয়েছেন অভিনেতা।