সেপ্টেম্বরে বাতিল থাকবে ৩৩৮টি ট্রেন, কোন রুটে? বিজ্ঞপ্তি জারি রেলের

Published:

train cancel

সৌভিক মুখার্জী, কলকাতা: চরম ভোগান্তিতে পড়তে চলেছেন নিত্য যাত্রীরা। আগামী সেপ্টেম্বর মাসে একযোগে বাতিল থাকবে ৩৩৮টি ট্রেন (Train Cancel)। আসলে বিহারের মোকামার কাছে গঙ্গার উপর রাজেন্দ্র সেতুর সমান্তরালে আরও একটি নতুন রেল সেতু চালু করার জন্য নন ইন্টারলকিং কাজ চলবে বলেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ভারতীয় রেলের তরফ থেকে। সেই কারণে সেপ্টেম্বর মাসে মোট ৮৪৫টি ট্রেন পরিষেবা ব্যাহত হবে। এর মধ্যে বাতিল থাকছে ৩৩৮টি ট্রেন। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

গোটা মাসজুড়ে বাতিল একাধিক ট্রেন

রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট জানানো হয়েছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এই নবনির্মিত ডাবল লাইন সেতুর কাজ চলবে। সেই কারণে শত শত ট্রেন বাতিল, এবং রুট পরিবর্তন করা হবে। এ বিষয়ে পূর্ব-মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ কর্মকর্তা সরস্বতী চন্দ্র জানিয়েছেন, আপার হাতিদহ জংশন, তাল জংশন, রামপুর ডুমরা, বারৌনি জংশন এবং দিনকর গ্রাম সিমারিয়া রেল নেটওয়ার্কের সঙ্গে এই নতুন সেতু সংযুক্ত করার জন্য আগামী ২১ সেপ্টেম্বর থেকে নন ইন্টারলকিং কাজ শুরু হবে। তবে এই কাজ আগামী ৪ অক্টোবরের মধ্যেই শেষ হবে বলে অনুমান করা হচ্ছে।

রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে বিভিন্ন দিন মোট ৩৮৪টি ট্রেনের পথ পরিবর্তন করা হবে, ৫৬টি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হবে, ৬৭টি ট্রেনের শুরুর স্টেশন সংক্ষিপ্ত করা হবে এবং ৩৩৮টি ট্রেন পরিষেবা সম্পূর্ণ বাতিল থাকবে। এমনকি এ বিষয়ে একটি আলাদা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ১.৯ কিলোমিটার দীর্ঘ রেল সেতুটি গঙ্গার উপর দিয়ে মোকামা এবং বারৌনিকে সংযুক্ত করছে।

আরও পড়ুন: এবার ভারতে ব্যান হচ্ছে ওল্ড মঙ্ক, রয়্যাল চ্যালেঞ্জের মতো মদ!

এক আধিকারিক বলেন, যেহেতু বর্তমান সেতুটি দিয়ে শুধুমাত্র একটি রেল লাইন রয়েছে, এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এটিকে ডাবল করা সম্ভব নয়, তাই ভারতীয় রেল ১৪৯১.৪৭ কোটি টাকা ব্যয় করে ওই সেতুর সমান্তরালে আরও একটি নতুন সেতুর অনুমোদন দিয়েছে। এতে ট্রেন পরিষেবা আরও উন্নত হবে। সবথেকে বড় ব্যাপার, এতে ব্যস্ত দিল্লি-হাওড়া রেল করিডরের ধারণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তবে যাত্রীদের আগাম নোটিশ দেখেই টিকিট কাটার পরামর্শ দেওয়া হয়েছে।