বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ট্রেন দুর্ঘটনার সাক্ষী থাকলো ভারত। এর আগে বহুবার নানান এক্সপ্রেস ট্রেন (Train) লাইনচ্যুত হওয়ার খবর মিলেছিল। তবে এবার খোদ ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত ( Vande Bharat Express) লাইনচ্যুত হল। রেল সূত্রে খবর, পুনে রেলওয়ে স্টেশনে ঢোকার মুখে হঠাৎ বন্দে ভারত এক্সপ্রেসের একটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুনে স্টেশনের পার্শ্ববর্তী এলাকায়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।
কীভাবে ঘটল এমন দুর্ঘটনা?
রেলের তরফে জানানো হয়েছে, সোমবার ওই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাস থেকে মহারাষ্ট্রের সোলাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রেনটি তার যাত্রাপথে পুনে স্টেশনে ঢোকার ঠিক আগে বিপাকে পড়ে। সূত্রের খবর, ওই সময় পুনে রেলওয়ে স্টেশনের একাংশে কাজ চলছিল। ঠিক সেই সময় বন্দে ভারতের একটি বগি আচমকা লাইনচ্যুত হয়ে যায়।
ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা গিয়েছে, ট্রেনটি পুনে স্টেশনে ঢোকার ঠিক আগেই হঠাৎ খানিকটা থমকে যায়। তারপরেই প্রকাশ্যে আসা দৃশ্যে দেখা গিয়েছে ট্রেনটির একটি বগি লাইন থেকে বেরিয়ে যাচ্ছে। বিশেষ করে বন্দে ভারত এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ট্রেনের ক্ষেত্রে এমন দুর্ঘটনা যথেষ্ট অবাক করেছে যাত্রীদের। সেই সাথেই সোমবারের এই ঘটনায় বেশ আতঙ্কিত একটা বড় অংশের যাত্রী।
অবশ্যই পড়ুন: শেয়ার বাজারের অস্থিরতার মধ্যেও TATA সহ দুই স্টকে ভরসা রাখছে মতিলাল ওসওয়াল, দাম বাড়বেই!
প্রসঙ্গত, বন্দে ভারতের লাইনচ্যুত হয়ে যাওয়া কামরা পরিদর্শন করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। ওই ঘটনায় কেউ জখম হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে দুর্ঘটনার জেরে যাতে যাত্রী পরিষেবা ব্যাহত না হয় সেজন্যই তড়িঘড়ি বিকল্প ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে ওই স্টেশনে মোতায়ন করা হয়েছে অতিরিক্ত রেল কর্মীও।










