সৌভিক মুখার্জী, কলকাতা: নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গোটা দেশজুড়ে আন্দোলন (Mumbai Protest) শুরু করেছে সিজেপি সহ বিরোধীরা। মুম্বইয়ে আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে ‘জেল ভরো’ কর্মসূচির ডাক দিয়েছিলেন ককরোচ প্রধান অভিজিৎ দীপকে। শিবাজী পার্কের কাছে চলছে তাদের এই বিক্ষোভ। তবে সেই প্রতিবাদ নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। এই আন্দোলনকে ‘মিথ্যা’ আখ্যা দিয়েই উড়িয়ে দিয়েছেন তিনি। অন্যদিকে জেল খাটার ইঙ্গিত দিলেন অভিজিৎ।
ককরোচদের আন্দোলন নিয়ে তোলপাড় মুম্বই
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সিজেপির বিক্ষোভে আজ শিবাজী পার্কের চারপাশে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে বলে খবর। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও এই বিক্ষোভের ডাক দিয়েছে তারা। বিকেল চারটেয় নির্ধারিত এই বিক্ষোভের আগেই পুলিশ ও রেল কর্মকর্তারা আজ মধ্য মুম্বইয়ের দাদর স্টেশন এবং শিবাজী পার্ক চত্বরের চারপাশ নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলেন। যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতেই বাড়তি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।
তবে শুক্রবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ককরোচদের এই আন্দোলন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তিনি বলেন, “প্রথমেই আমি বলতে চাই যে সব কিছুই ফাঁস হয়ে গিয়েছে, তিনজন নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলনের পর তাদের মিথ্যা আখ্যাটি সবার সামনে উন্মোচিত হয়েছে। তা সত্ত্বেও এই মিথ্যা আখ্যাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এরা। এটি সফল হবে না।”
Mumbai, Maharashtra: People have started gathering for the CJP protest and are raising slogans against the Election Commission pic.twitter.com/jW1DFvNSCb
— IANS (@ians_india) October 2, 2026
আরও পড়ুন: স্পর্শকাতর একাধিক বুথ, নন্দীগ্রাম উপনির্বাচনে মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
যদিও মুম্বই পুলিশ অনুমতি না দেওয়ায় অভিজিৎ দীপকেকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ শিবাজী পার্কে রাজনৈতিক সমাবেশ করতে পারেন। তাহলে সিজেপি কেন সেখানে প্রতিবাদ করতে পারবে না? তিনি বলেন যে, ভিন্নমত গণতন্ত্রের একটি অংশ এবং তিনি তিন মাস পর্যন্ত জেল খাটতেও প্রস্তুত। যদিও এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দার কথায়, প্রস্তাবিত এই বিক্ষোভ আমাদের এলাকার শান্তি ও দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করছে। তারা জোর করে এই বিক্ষোভের আয়োজন করেছে। এটি আবাসিক এলাকায় এই ধরনের বিক্ষোভের অনুমতি দেওয়া উচিত নয়।










