স্পর্শকাতর একাধিক বুথ, নন্দীগ্রাম উপনির্বাচনে মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Published:

Nandigram

সৌভিক মুখার্জী, কলকাতা: ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর উপনির্বাচন। দুই কেন্দ্রে নিরাপত্তা এবং ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ। গতকালই রেজিনগরে ভোটের প্রচার করে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে বৃহস্পতিবার বিকালে নিমতৌড়ির জেলাশাসক ভবনে সাংবাদিক বৈঠক করে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার এবং জেলার পুলিশ সুপার অংশুমান প্রস্তুতির খতিয়ান পেশ করেন। বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে স্পর্শকাতর এই দুই কেন্দ্রে।

নিরাপত্তায় জোর নন্দীগ্রামে

বরাবরই নন্দীগ্রাম এবং রেজিনগর স্পর্শকাতর দুই বিধানসভা কেন্দ্র। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চলতি বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম ২ আসনেই জয়ী হয়ে ছেড়েছিলেন নিজের বিধানসভা। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দুটি আসনে জয়লাভ করে ছেড়েছিলেন রেজিনগর। আগামী ৬ অক্টোবর উপনির্বাচনের ঘোষণা করেছে ইসিআই। গণনা হবে ৯ অক্টোবর। সেই কারণেই আগে থেকে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন করেছে নির্বাচন কমিশন।

নন্দীগ্রামে মোট ২ লক্ষ ৬৬ হাজার ৪১৯ জন ভোটার রয়েছেন বলেই কমিশন সূত্রে খবর। ভোট গ্রহণ হবে ৩২৩টি বুথে। শুধুমাত্র এই বিধানসভা কেন্দ্রেই মোতায়েন করা হয়েছে ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি বুথেই মোতায়েন থাকবে বাহিনী। এছাড়া রাজ্য পুলিশের প্রায় ৬০০ থেকে ৭০০ কর্মী বিভিন্ন এলাকায় টহলদারি চালাবেন বলেই খবর জেলা পুলিশ সূত্রে। তার পাশাপাশি নাকা চেকিং, রুট মার্চ এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন: হাওড়ায় ১৫০ কোটি টাকার গ্রিনফিল্ড হাসপাতাল! বাংলায় বিনিয়োগের পথে অম্বুজা গ্রুপ

নন্দীগ্রামের মোট ৭৯টি বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া সেক্টর ফোর্স, কিউআর টিম এবং অন্যান্য বিশেষ বাহিনী সক্রিয় থাকবে বলে খবর। জেলাশাসক জানিয়েছেন, প্রশাসনের কাছে জমা পড়া ১০২টি অভিযোগের মধ্যে সবগুলি নিষ্পত্তি হয়েছে। এমনকি এখনও পর্যন্ত মোট ৯৭ লক্ষ টাকা নগদ এবং ৫৮৯৩ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে নন্দীগ্রাম ছাড়াও জেলার অন্যান্য এলাকায় অভিযান চলছে বলেই জানিয়েছেন পুলিশ সুপার। রেজিনগরেও চালানো হচ্ছে বাড়তি নজরদারি।

google button