২৫ সেপ্টেম্বরের আগে অবশ্যই করুন এই কাজ, নাহলে সাসপেন্ড হয়ে যেতে পারে ড্রাইভিং লাইসেন্স

Published:

Driving License Updating

অনন্যা সরকার, কলকাতা: অনেকদিন ধরে ব্যবহার করছেন ড্রাইভিং লাইসেন্স (Driving License)? তাহলে এখনই দেখে নিন লাইসেন্সের সমস্ত তথ্য আপডেট করা আছে কিনা। কেননা, ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করার শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। তাই যদি লাইসেন্সে মোবাইল নম্বর তালিকাভুক্ত না থাকে বা আপডেট করা না হয়ে থাকে, তাহলে এখুনি তা করে নিন। বর্তমানে সরকার এবং পরিবহন বিভাগ চালকদের সারথি পরিবহন (Sarathi Parivahan) পোর্টালে যোগাযোগ সংক্রান্ত বিবরণগুলি আপডেটেড রাখার জন্য ক্রমাগত অনুরোধ করে চলেছে। লাইসেন্সের সাথে একটি সঠিক মোবাইল নম্বর সংযুক্ত থাকলে ই-চালান, ওটিপি (OTP), রিনিউয়ের জন্য অ্যালার্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলি সময়মতো পাওয়া যায়, তাই এটি চালকদের জন্য খুবই জরুরি।

মোবাইল নম্বর আপডেট করার সময়সীমা সেপ্টেম্বরেই শেষ

যাদের কাছে পুরনো ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাদের উচিত তথ্যগুলি আপডেট করা আছে কিনা, তা যাচাই করে নেওয়া। ছবি এবং মোবাইল নম্বরের মতো তথ্যগুলো পুরোনো হয়ে যেতে পারে, এর দরুন ট্রাফিক চেকিংয়ের সময় সমস্যা দেখা দিতে পারে। অনেকেই নিজের মোবাইল নম্বর পরিবর্তন করেন, কিন্তু পরিচয়পত্র, লাইসেন্স ও গুরুত্বপূর্ণ নথিগুলিতে সেই নম্বর আপডেট করতে ভুলে যান। তবে, বর্তমানে সরকারি অফিসে ছোটাছুটি না করে ঘরে বসেই অনলাইনে বেশ কিছু তথ্য আপডেট করা সম্ভব। 

যেসব লাইসেন্স হোল্ডারের মোবাইল নম্বর আপডেট করা নেই, তাদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব সেটি লিংক বা আপডেট করে নেওয়া। নতুন ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে মোবাইল নম্বর আপডেট করা যায়। তবে পুরনো ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন হতে পারে। ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বরটি আপডেট করা আছে কি না, তা সহজ উপায়ে চালকরা নিজেই যাচাই করে নিতে পারেন।

আরও পড়ুন: পরীক্ষার ৬ দিন আগে ফের রুটিন বদল, উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে নয়া সূচি প্রকাশ WBCHSE-র

অনলাইনে ড্রাইভিং লাইসেন্স মোবাইল নম্বর কীভাবে আপডেট করবেন?

ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বর আপডেট করার জন্য, প্রথমেই কেন্দ্রীয় সরকারের পরিবহণ দফতরের সারথি পরিবহনের অফিসিয়াল সাইটে যেতে হবে। গুগলে গিয়ে সারথি পরিবহন লিখে সার্চ করলেই সাইটটি খুঁজে পাওয়া যাবে। এরপর সাইটটি খুলে চালককে তার রাজ্য নির্বাচন করতে হবে। তারপর স্ক্রিনে মোবাইল নম্বর আপডেট করার অপশনটি দেখা যাবে। সেখানে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করতে হবে।

আরও পড়ুন: প্রতি কেজি বিক্রি হবে ৬০০ টাকায়, বাড়িতেই বানান সূর্যমুখীর বীজ, রইল প্রসেস

তারপর, স্ক্রিনে ওই ড্রাইভিং লাইসেন্স হোল্ডারের লাইসেন্সের বিবরণ দেখা যাবে, সেটি আগে যাচাই করে নিতে হবে। তারপর আপডেট করার জন্য বর্তমান মোবাইল নম্বর লিখে সাবমিট করতে হবে। এরপর, ওই নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, যা এন্টার করে নম্বরটি যাচাই করে নিতে হবে।

অনেক সময়ই চালকরা অবগত থাকেন না যে, তাদের ড্রাইভিং লাইসেন্সে মোবাইল নম্বরটি আপডেট করা আছে না নেই। সারথি পরিবহন অ্যাপে লগ ইন করে আপনি সহজেই নিজের ড্রাইভিং লাইসেন্সে ফোন নম্বরটি আপডেট করা আছে কিনা, তা যাচাই করতে পারেন।