পেট্রোল ডিজেলের ওপর রপ্তানি শুল্ক নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, জারি বিজ্ঞপ্তি

Published:

সহেলি মিত্র, কলকাতা: জুলাই মাস শুরু হওয়ার আগেই পেট্রোল ডিজেল (Petrol Diesel) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। অপরিশোধিত তেলের দামের ক্রমাগত পতনের পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর রপ্তানি শুল্ক সংশোধন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের উপর শুল্ক (Excise Duty) বাড়ানো হয়েছে, অন্যদিকে ডিজেল এবং এটিএফ-এর উপর শুল্ক কমানো হয়েছে। নতুন শুল্ক হার ১ জুলাই, ২০২৬ থেকে শুরু হয়ে আগামী পনেরো দিনের জন্য কার্যকর হবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

পেট্রোল ডিজেল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

সরকারের তরফে এই মর্মে ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেটা অনুযায়ী, পেট্রোলের উপর রপ্তানি শুল্ক প্রতি লিটারে ১.৫০ টাকা থেকে বাড়িয়ে ৪ টাকা করা হয়েছে। ডিজেলের উপর রপ্তানি শুল্ক প্রতি লিটারে ১৪ টাকা থেকে কমিয়ে ৮.৫০ টাকা করা হয়েছে। এছাড়াও, এটিএফ (এভিয়েশন টারবাইন ফুয়েল)-এর উপর রপ্তানি শুল্ক প্রতি লিটারে ১২.৫০ টাকা থেকে কমিয়ে ৭.৫০ টাকা করা হয়েছে।

সরকার আরও জানিয়েছে যে, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ছাড়াও মরিশাস ও মালদ্বীপে সরকারি তেল কোম্পানিগুলোর পেট্রোল, ডিজেল এবং এটিএফ রপ্তানি এখন থেকে রপ্তানি শুল্কমুক্ত হবে। তবে, অভ্যন্তরীণ বাজারে ব্যবহৃত পেট্রোল ও ডিজেলের ওপর বিদ্যমান আবগারি শুল্ক অপরিবর্তিত থাকবে।

প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর?

সরকারের এহেন সিদ্ধান্তের ফলে প্রশ্ন উঠছে, দেশের আমজনতার ওপর এর কী প্রভাব ফেলবে? কর্মকর্তারা জানিয়েছেন যে, জ্বালানি সরবরাহ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিগুলো মাথায় রেখে এই অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র আবারও স্পষ্ট করেছে যে, এই সিদ্ধান্তটি শুধুমাত্র রপ্তানির ক্ষেত্রেই প্রযোজ্য এবং এর ফলে দেশের অভ্যন্তরীণ গ্রাহকদের ওপর কোনো অতিরিক্ত বোঝা পড়বে না। জানা গেছে যে, দেশের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হওয়া পেট্রোল ও ডিজেলের ওপর বর্তমান কেন্দ্রীয় আবগারি শুল্কে কোনো পরিবর্তন আনা হয়নি।