অনন্যা সরকার, কলকাতা: স্ট্যান্ড-আপ কমেডিয়ান (Comedian) পুলকিত মণি (Pulkit Mani) রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, উত্তর প্রদেশের নয়ডা, লখনউ এবং কানপুরে তাঁর নির্ধারিত শো বাতিল করা হয়েছে। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ (Chhatron Ki Goonj) অনুষ্ঠানে পারফর্ম করেন পুলকিত মণি। তিনি সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলা নকল বা ‘মিমক্রি’ করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবে এই নিয়ে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্কের জেরে এখন কমিডিয়ানের শোগুলি একের পর এক বাতিল হচ্ছে বলে শোনা যাচ্ছে।
কমিডিয়ান পুলকিত মণির শো বাতিল
রবিবার সোশ্যাল মিডিয়ায় পুলকিত মণি পোস্ট করে বলেন যে, তাঁকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে তাঁর নয়ডার শো বাতিল করা হয়েছে। পরবর্তীতে ইনস্টাগ্রামে দেওয়া আরেক বিবৃতিতে এই কৌতুকাভিনেতা জানান, গুন্ডা, দুষ্কৃতীদের কাছ থেকে বারবার হুমকি আসার কারণে তাঁর লখনউ এবং কানপুরের শোগুলিও বাতিল হয়েছে।
আসলে কী নিয়ে বিতর্ক?
শনিবার ইন্দোরে ”ছাত্রোঁ কি গুঞ্জ’’ অনুষ্ঠানে রাহুল গান্ধীর সঙ্গে একটি স্কিট করার সময় কৌতুক অভিনেতা পুলকিতকে প্রধানমন্ত্রী মোদীর অনুকরণ করতে দেখা যায়, যা কংগ্রেস পরে তাদের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেছে। এই ছোট পরিবেশনাটিতে দেখা যায়, পুলকিত নরেন্দ্র মোদীর গলা নকল করে হাসতে হাসতে মঞ্চে এসে রাহুলকে জড়িয়ে ধরে বলছেন, “বন্ধু। কেমন আছো?” এর উত্তরে রাহুল গান্ধী বলেন, “আমি ভালো আছি; আপনি কেমন আছেন, মোদীজি?” এরপর রাহুল বলেন, “আপনার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো” এবং পুলকিতকে আরও কিছু বলার অনুরোধ করেন। এরপর ওই কমিডিয়ান দর্শকদের দিকে ইঙ্গিত করে বলেন, “মা কো কুরসি দো, মা”। এই নিয়েই পরে শুরু হয় তীব্র বিতর্ক। এভাবে প্রধানমন্ত্রীর কথায় উপহাস করে তাঁকে অপমান করা হয়েছে বলে দাবি করে বিজেপি।
আরও পড়ুন: প্রিয় শিল্পীর মূর্তির চোখে জল! আসামে জুবিন গর্গের আবক্ষ মূর্তিকে ঘিরে ঘনীভূত রহস্য
কে এই পুলকিত মণি?
পুলকিত মণি জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান হওয়ার পাশাপাশি, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ও পলিটিকাল স্যাটায়ারিস্ট হিসেবে সুপরিচিত। পুলকিত ২০২১ সাল থেকে পেশাগতভাবে স্ট্যান্ড-আপ কমেডি করছেন। সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইনস্টাগ্রামে, তাঁর ৬ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। তাঁর প্রথম হাফ অ্যান কমেডি স্পেশাল, “র হানি,” গত ফেব্রুয়ারিতে ইউটিউবে মুক্তি পায়, যা বেশ জনপ্রিয়তা লাভ করে।
বিশিষ্ট ব্যক্তিদের মিমক্রি, রাজনৈতিক ব্যঙ্গ ও সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক ঘটনাই পুলকিতের কমেডির মূল বিষয়বস্তু। স্ট্যান্ড-আপ কমেডির জগতে আসার আগে তিনি নয়ডার একটি স্কুলে ফরাসি ভাষার শিক্ষক ছিলেন এবং অনুবাদকের কাজ করতেন বলে জানা যায়। তবে বর্তমানে কংগ্রেসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুকরণ করে জোর চর্চায় রয়েছেন তিনি।
রবিবার বিজেপির তরফে মন্তব্য করা হয়, কংগ্রেস এখন একটি “সার্কাসে” পরিণত হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রাহুল গান্ধীকে “অসংস্কৃতিবান নারাজ ফুফা” বলেও অভিহিত করেন। মন্ত্রী বলেন, বিষয়টি নিজেই এক অদ্ভুত পরিহাস। সস্তা রাজনৈতিক নাটকীয়তার খাতিরে বারবার মঞ্চে উঠে প্রধানমন্ত্রী মোদীজির নাম টেনে আনার প্রবণতা তাঁকে অবাক করেছে। আয়নায় নিজের চেহারা দেখার পরামর্শ দিয়ে কটাক্ষ ছুঁড়ে দেন রাহুল গান্ধীর দিকে।
কংগ্রেসের শেয়ার করা ভিডিওর প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু তাঁর এক্স হ্যান্ডেল থেকে করা একটি পোস্টে লেখেন যে, তিনি ভাবতেও পাররেন নি যে, যে দল প্রায় ছয় দশক ধরে ক্ষমতায় ছিল, তারা এমন এক সার্কাসে পরিণত হবে, যারা কেবল তাদের সংকুচিত হয়ে আসা সমর্থকদের বিনোদন দিতেই ব্যস্ত। কংগ্রেস দল এখন কৌতুক অভিনেতা আর ভাঁড়দের দলে পরিণত হয়েছে! তিনি এও বলেন যে, “তারা চিরতরে বিদায় নিয়েছে….শান্তিতে থাকুন।”










