জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে মামলায় কমিশনের জবাব তলব, নোটিশ জারি সুপ্রিম কোর্টের

Published:

Gyanesh Kumar (3)

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। সোমবার তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা শুনানির জন্য ওঠে সর্বোচ্চ আদালতে। সেখানে প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ নির্বাচন কমিশনের জবাব তলব করতে জারি করেছে নোটিশ। এদিন প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে নির্বাচন কমিশনের জবাব চেয়ে পাঠিয়েছে আদালত।

জ্ঞানেশ কুমারের মামলায় ইসিআই-র নোটিশ তলব

নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করানোর দাবিতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। তবে কমিশনকে নোটিশ পাঠিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, কোনও সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এ বিষয়ে নির্দেশ দেওয়া যায় না। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী সপ্তাহে। এমনকি নির্বাচন কমিশনের অন্দরে সিদ্ধান্ত গ্রহণের আইনি প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগে জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশন এবং অপর দুই কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীকে নোটিশ পাঠাতে হবে বলেই জানিয়েছে সর্বোচ্চ আদালত।

মামলায় দাবি করা হয়েছিল যে, এসআইআর এবং ফর্ম-৬ এর বেআইনি পরিবর্তন সংক্রান্ত বিষয়ে গত ১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন বাকি দুই নির্বাচন কমিশনার। এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয় ইন্ডিয়ান এক্সপ্রেসে। সেখানে আরও দাবি করা হয়, পূর্বপুরুষের বিবরণ চাওয়া এবং আইটি সফটওয়্যার পরিবর্তনের সিদ্ধান্ত অন্য কোনও কমিশনারদের মতামত ছাড়াই জ্ঞানেশ কুমার একতরফাভাবে বলবৎ করেছেন।

আরও পড়ুন: ডলারের বিপরীতে অব্যাহত ভারতীয় রুপির পতন, পৌঁছতে পারে ৯৯-র স্তরে

এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, “সংবিধান অনুযায়ী ৩ সদস্যের নির্বাচন কমিশনকে সর্বসম্মত সিদ্ধান্ত নিতে হবে। যদি সর্বসম্মতি না হয়, তাহলে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে হবে। আপনারা শুধুমাত্র একটি খবরের রিপোর্টের উপর ভিত্তি করে মামলা নিয়ে এসেছেন। খবরটি আংশিক বা সম্পূর্ণ সত্য হতে পারে। তবে এক্ষেত্রে আমরা কমিশন এবং সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া ও রিপোর্ট দেখতে চাই। আগামী সপ্তাহেই এই মামলার শুনানি হবে।”

google button