সৌভিক মুখার্জী, কলকাতা: মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির (Indian Rupee) পতন অব্যাহত। বিশ্বব্যাপী উত্তেজনা আর ক্রমবর্ধমান আমদানির প্রেক্ষাপটে রুপির পতন দিনের পর দিন বাড়ছে এবং টানা দ্বিতীয় বছরের মতো ভারতীয় মুদ্রাকে এশিয়ার বাজারে সবচেয়ে দুর্বল মুদ্রা হিসেবেই দেখা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার অর্থাৎ ১ অক্টোবর ভারতীয় রুপির দর ৯৬-তে নেমে আসে এবং আরও পতন হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন তা খুব শীঘ্রই ৯৭ স্তরে পৌঁছতে পারে।
ভারতীয় রুপির ধারাবাহিক পতন
কোটাক সিকিউরিটিজের কারেন্সি রিসার্চের প্রধান অনিন্দ্য ব্যানার্জি জানিয়েছেন, রুপির দর খুব শীঘ্রই ৯৭-এ নেমে আসতে পারে। এমনকি এই স্তর একবার যদি অতিক্রম করে, তাহলে তা ৯৯ পর্যন্ত পৌঁছতে পারে। তবে ভারতীয় মুদ্রা এই স্তরে পৌঁছলে বাজারে এর পতন আরও বাড়বে এবং মুদ্রাস্ফীতি বাড়তে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, বিদেশি বিনিয়োগকারীদের ক্রমাগত মূলধন বিক্রি এবং মার্কিন সরকারি বন্ডে রেকর্ড পরিমাণ মুনাফা বৃদ্ধির কারণে সম্প্রতি ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ৯৬.৩১-তে নেমে এসেছে।
বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ডলার বিক্রি রুপির উপর সবচেয়ে বড় চাপ সৃষ্টি করছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। রিপোর্ট বলছে, বিদেশি বিনিয়োগকারীরা এখনও পর্যন্ত ভারতীয় বাজার থেকে প্রায় ৬.১ বিলিয়ন ডলার বিক্রি করেছেন। আর ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের প্রায় ৯০% গত দুই মাসে ব্যয় হয়েছে। এছাড়া সম্প্রতি এফসিএনআর-র মাধ্যমেও দেশে বিপুল পরিমাণ অর্থ এসেছে। কিন্তু সেই অর্থ সরাসরি পাওয়া যাচ্ছে না এবং বাজারে আসার পরিবর্তে তা আরবিআই-র বৈদেশিক মুদ্রার রিজার্ভে জমা হচ্ছে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও অক্টোবরে বাদ পড়তে পারেন এই মহিলারা
অনিন্দ্য ব্যানার্জি জানিয়েছেন, অপরিশোধিত তেল রুপির উপর দিনের পর দিন চাপ সৃষ্টি করছে এবং এটিকে শুধুমাত্র ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রাইস দিয়ে পরিমাপ করা উচিত নয়। ডিজেল এবং জেট ফুয়েলের দামও বর্তমানে ঊর্ধ্বমুখী এবং সম্প্রতি ভারত সরকার আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনাও করছে। সেই পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতির আরও বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে রুপির এই অবমূল্যায়ন অব্যাহত থাকলে ভারতীয় রিজার্ভ ব্যাংককেই হস্তক্ষেপ করতে হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।


