সৌভিক মুখার্জী, কলকাতা: সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩০০০ টাকা। তবে পুজোর মাসে দাঁড়িয়ে একটাই প্রশ্ন, এ মাসে কবে মিলবে টাকা? এমনকি অন্নপূর্ণা যোজনার সুবিধা না পেয়ে রাজ্যের মহিলারা বিভিন্ন প্রান্তে দেখাচ্ছেন বিক্ষোভ। বিধায়ক এবং বিজেপির নেতাদের ঘেরাও করে চলছে তাদের আন্দোলন। তবে সেপ্টেম্বরে অন্নপূর্ণার ৩০০০ টাকা পেলেও অক্টোবরে বঞ্চিত হতে পারেন বেশ কিছু মহিলা। নিশ্চয়ই ভাবছেন কারা? রইল বিস্তারিত।
সেপ্টেম্বরে টাকা পেলেও অক্টোবরে বঞ্চিত হতে পারেন এরা
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে। যদিও সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে ১৭ তারিখ অন্নপূর্ণা দিবস হিসেবে পালিত হয়, এবং সেদিন থেকেই দেওয়া হয় টাকা। তবে এ মাসে পুনরায় যাচাই করার পর যদি কেউ অযোগ্য হিসেবে প্রমাণিত হয়, তাহলে সেই মহিলার বন্ধ হতে পারে কিস্তি। এ বিষয়ে আগেই বার্তা দিয়েছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়। তবে কারা পড়বেন সেই তালিকায়?
মন্ত্রী জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়া শুরু হলেই যে আবেদন যাচাই হয়েছে এমনটা নয়। সব আবেদনকারীদের তথ্য এখনও পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা সম্ভব হয়নি রাজ্য সরকারের তরফ থেকে। তাঁর কথায়, “১৭ আগস্ট অনেকেই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন। তবে এখনও এনকোয়ারি চলছে। পরবর্তী সময়ে যদি দেখা যায় তারা অযোগ্য, তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে তাদের নাম বাতিল হবে।” সুতরাং মন্ত্রীর কথা থেকে স্পষ্ট, একবার বা দু’বার টাকা ঢুকলেও সেই সুবিধা স্থায়ী হবে না, যতক্ষণ না পর্যন্ত যাচাই হচ্ছে। যদি সেই মহিলা যোগ্যতা পূরণ করতে ব্যর্থ হন, তাহলে পরের মাস থেকে বাদ যাবে তার নাম।
আরও পড়ুন: পুজোর কেনাকাটায় টাকা বাঁচাতে কাজে লাগান এই ৯টি টিপস
রাজ্য সরকার আগেই জানিয়েছিল, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে গেলে অবশ্যই সেই মহিলাকে বেশ কিছু যোগ্যতা পূরণ করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, সংশ্লিষ্ট মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে। এছাড়া সরকারি কোনও চাকরির সঙ্গে যুক্ত থাকা চলবে না বা মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হওয়া চলবে না। পাশাপাশি ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং আয়করদাতা হলে চলবে না। তবে অনেকেই ভুল বা অসম্পূর্ণ তথ্য দিয়ে আবেদন করে এতদিন এই প্রকল্পের সুবিধায় নিচ্ছিলেন। মন্ত্রীর কথা অনুযায়ী, পুনরায় যাচাই করার পর সেই সমস্ত মহিলাদের নাম বাদ যেতে পারে। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে বলেই জানানো হয়েছে।










