সৌভিক মুখার্জী, কলকাতা: শনিবার যন্তর মন্তরে বিক্ষোভের আগেই ফ্লাইট থেকে গ্রেফতার ককরোচ প্রধান অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসরা (Delhi Protest)। এদিন অভিজিৎরা যে ফ্লাইটে রাজধানীতে অবতরণ করেন, দিল্লি পুলিশের একটি দল সেই ফ্লাইটে ঢুকেই পরিকল্পিত প্রতিবাদ কর্মসূচির আগে তাঁকে আটক করে। এমনকি সেই সময় অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে একটি লাইভ ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে দিল্লি পুলিশের একটি দল ফ্লাইটে ঢুকে তাঁকে সহ সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস এবং আশুতোষ রঙ্কাকে আটক করে।
ফ্লাইট থেকেই আটক অভিজিৎ দীপকেরা
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে যন্তর মন্তর ২.০ কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি। সেখানে কংগ্রেসসহ আপ, বামফ্রন্ট এবং অন্যান্য বিরোধী দলের ছাত্রযুবরা সকাল থেকেই ভিড় জমাচ্ছে। এমনকি প্রশাসন আগে থেকেই আন্দোলনের আঁচ বুঝতে পেরে মেট্রো এবং রেল পরিষেবা স্থগিত করে। প্রতিবাদ কর্মসূচির শুরুতেই গ্রেফতার করা হয় বিখ্যাত ইউটিউবার ধ্রুব রাঠিকে। তবে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে এবং সৌরভ দাসদের ফ্লাইট থেকেই আটক করল দিল্লি পুলিশ।
অভিজিতের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, ফ্লাইটের ভেতরেই সিজেপি সদস্যরা পুলিশকর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। এমনকি তাদের কাছে জিজ্ঞাসা করা হয় যে, ফ্লাইট থেকে নামার জন্য তারা কেন অপেক্ষা করতে পারলেন না। বিমানে ওঠা নারী পুলিশকর্মীদের দীপকে বলেন, “আমরা বের হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারতেন। আসুন আমাদের গ্রেফতার করুন। আমরা ভয় পাই না।”
#WATCH | Delhi Police personnel enter the aircraft that was carrying Cockroach Janta Party (CJP) Founder Abhijeet Dipke to Delhi. The flight landed at IGI Airport a few minutes ago.
“…I have come here to be arrested; arrest me,” Abhijeet Dipke tells Delhi Police
“No, this is not an arrest. Please cooperate,” Delhi Police personnel tell him.
— ANI (@ANI) October 10, 2026
উল্লেখ্য, এর আগে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির লিগ্যাল সেলের প্রধান রত্না সিংকেও পুলিশ কর্মসূচিতে যোগদানে বাধা দিয়ে তাঁদের বাড়ি থেকেই আটক করে। গোটা রাতভর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪০০-র বেশি সন্দেহভাজন বিক্ষোভকারীকে আটক করেছে দিল্লি পুলিশ। এর আগে শুক্রবার দিল্লি পুলিশ সিজেপির বিক্ষোভের অনুমতি দিতে অস্বীকার করে। সেই সূত্রে রাজধানীর ৪৫টি মেট্রো স্টেশন এবং কয়েক ডজন ট্রেন বাতিল করা হয়। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে বলেই খবর।










